খবরিয়া ২৪ ডেস্ক, ১১ মার্চঃ নাম বদলকে ঘিরে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে অসম। বিজেপি শাসিত রাজ্যে বরপেটায় অবস্থিত ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ-এর নাম সরিয়ে ওই প্রতিষ্ঠানের নতুন নাম রাখা হচ্ছে ‘বরপেটা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল’। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজগুলির মতো বরপেটার কলেজটির নামও এলাকার নাম অনুসারেই রাখা হবে। তাঁর দাবি, রাজ্যের বাকি প্রায় সব সরকারি মেডিক্যাল কলেজের নাম সংশ্লিষ্ট এলাকার নামে হওয়ায় প্রশাসনিক কিছু সমস্যার সৃষ্টি হচ্ছিল। অনেকেই এই মেডিক্যাল কলেজটিকে বেসরকারি প্রতিষ্ঠান বলে ভুল করতেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
তবে সরকারের এই যুক্তি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শুধুমাত্র নামের কারণে প্রশাসনিক সমস্যা তৈরি হওয়ার যুক্তি যথেষ্ট গ্রহণযোগ্য নয়। কেউ কেউ মনে করছেন, প্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘গভর্নমেন্ট’ শব্দটি যোগ করলেই সমস্যার সমাধান হতে পারত। সেই ক্ষেত্রে প্রাক্তন রাষ্ট্রপতির নাম মুছে দেওয়ার প্রয়োজন পড়ত না।
উল্লেখ্য, ফখরুদ্দিন আলি আহমেদ ছিলেন ভারতের পঞ্চম রাষ্ট্রপতি। তাঁর আমলেই ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। অতীতে অসমে এনআরসি প্রক্রিয়ার সময় তাঁর পরিবারের সদস্যদের ভুলবশত ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যা পরে সংশোধন করা হয়।
এবার মেডিক্যাল কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। বিরোধী শিবিরের একাংশের অভিযোগ, ভোটের আগে বিভাজনের রাজনীতিকে উস্কে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকারের দাবি, এটি সম্পূর্ণ প্রশাসনিক কারণেই করা হয়েছে।





