খবরিয়া ২৪ ডেস্ক, ৯ মার্চঃ পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন এবং ‘এসআইআর’ প্রক্রিয়া ঘিরে বিতর্কের মাঝেই ফের ভারতের সুপ্রিম কোর্ট -এর দ্বারস্থ হল রাজ্য সরকার। সোমবার রাজ্যের পক্ষে আইনজীবী মেনকা গুরুস্বামী প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, রাজ্যে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগও অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। আদালত সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে মঙ্গলবার শুনানির জন্য আসতে বলা হয়েছে।
রাজ্যের দাবি, যেসব মানুষ আগে ভোট দিয়েছেন, তাঁদের অনেকের নামও নতুন সংশোধিত তালিকায় আর দেখা যাচ্ছে না। আদালতে সওয়াল করতে গিয়ে মেনকা গুরুস্বামী বলেন, “ভোটারদের নাম তালিকা থেকে বাদ চলে যাচ্ছে। যাঁরা আগে ভোট দিয়েছেন, এখন তাঁদের নথিও গ্রহণ করা হচ্ছে না।” তিনি এই বিষয়টিকে মূল মামলার সঙ্গে যুক্ত করার আবেদন জানান আদালতের কাছে।
এই প্রসঙ্গে প্রধান বিচারপতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্যও করেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে বিচার বিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি এভাবে আবেদন করা সম্ভব নয়। উল্লেখ্য, আদালতের নির্দেশেই ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় বিচার বিভাগীয় আধিকারিকদের যুক্ত করা হয়েছিল এবং তাঁদের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গণ্য করার কথা বলা হয়েছিল।
এদিকে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে। ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন। সোমবার তাঁর ধর্না কর্মসূচি চতুর্থ দিনে পড়েছে।
একই দিনে কলকাতায় পৌঁছেছে ভারতের নির্বাচন কমিশন-এর ফুল বেঞ্চ, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। ফলে একদিকে কলকাতায় প্রশাসনিক ও রাজনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে দিল্লিতে আইনি লড়াই জারি রেখেছে রাজ্য সরকার।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির পরেই স্পষ্ট হবে, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে আদালত কোনও কড়া পদক্ষেপ করে কি না।





