কলকাতা, ৯ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৈঠক ঘিরে বিতর্ক তৈরি হল রাজ্য রাজনীতিতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার নিউটাউনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন তিনি।
সোমবার দুপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে বসে। ওই দলে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার। বৈঠকের শুরুতেই চন্দ্রিমা দাবি জানান, কোনও বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে।
বৈঠক শেষে চন্দ্রিমার অভিযোগ, তাঁদের বক্তব্য শোনার পরিবর্তে মুখ্য নির্বাচন কমিশনার বারবার চিৎকার করছিলেন এবং কথোপকথনে বাধা দিচ্ছিলেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রসঙ্গ তুলে কমিশনার ক্ষোভ প্রকাশ করেন। চন্দ্রিমা বলেন, আদালতে যাওয়া তাঁদের সাংবিধানিক অধিকার এবং বাংলার মানুষের স্বার্থ রক্ষার জন্যই তাঁরা সেই পথ বেছে নিয়েছেন।
এদিকে কমিশনের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিমও। তাঁর অভিযোগ, বিজেপির অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষকে অযথা সমস্যার মধ্যে ফেলছে নির্বাচন কমিশন। তিনি বলেন, একজন ভারতীয় নাগরিকেরও যেন ভোটাধিকার খর্ব না হয়, তা নিশ্চিত করতে হবে কমিশনকে।
উল্লেখ্য, এদিন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বাম, বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিরাও বৈঠক করেন এবং এক বা দুই দফায় নির্বাচন করার দাবি জানান।





