আলিপুরদুয়ার, ৯ মার্চঃ কালচিনি ব্লকে প্রায় ৪ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে ছয়টি নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। রাজ্য সরকারের তহবিল থেকে এই সড়কগুলি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব।
জানা গিয়েছে, নির্মীয়মাণ ছয়টি সড়কের মধ্যে চারটি সড়ক সাঁতালি ও মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি করা হচ্ছে। এছাড়াও একটি সড়ক কালচিনি এলাকায় এবং একটি সড়ক জয়গাঁ এলাকায় নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে এই সড়কগুলির উন্নয়নের দাবি জানানো হচ্ছিল।
সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, বিশেষ করে মেন্দাবাড়ি ও সাঁতালি এলাকার চারটি সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে খুবই খারাপ ছিল। ফলে সাধারণ মানুষদের পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হতো। বর্ষাকালে সেই সমস্যা আরও বেড়ে যেত।
তিনি আরও জানান, নতুন সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দারা অত্যন্ত খুশি। এই সড়কগুলি তৈরি হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচল ও বিভিন্ন পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রেও বড় সুবিধা মিলবে।





