খবরিয়া ২৪ ডেস্ক, ৭ মার্চঃ বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছিল। তবে সেই জল্পনায় স্পষ্টভাবে জল ঢালল কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই ধরনের কোনও প্রস্তাব বর্তমানে কেন্দ্রের বিবেচনাধীন নয় এবং বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্প্রতি বিহার ও পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সীমাঞ্চল সফরকে ঘিরেই এই জল্পনা আরও জোরদার হয়। দাবি করা হচ্ছিল, বিহারের সীমাঞ্চল অঞ্চলের কয়েকটি জেলা পূর্ণিয়া, কাটিহার, কিষাণগঞ্জ ও আরারিয়া এর সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মালদহ, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি করিডোর সংলগ্ন অঞ্চলকে যুক্ত করে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হতে পারে।
এই গুঞ্জনের প্রেক্ষিতে মুখ খুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো-এর ফ্যাক্ট চেক বিভাগ। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের কোনও পরিকল্পনার বিষয়ে ভারত সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টিকে নিছক গুজব বলেই অভিহিত করা হয়েছে।
সরকারি বিবৃতিতে নাগরিকদের সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। যাচাই না করে এ ধরনের খবর বিশ্বাস না করা এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কারণ, এ ধরনের গুজব আঞ্চলিক আবেগ ও রাজনৈতিক উত্তেজনা উসকে দিতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা, অনুপ্রবেশ ও মাদক পাচার রুখতে বিহারের সীমাঞ্চল এলাকায় প্রশাসনিক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর অঞ্চলের নিরাপত্তা জোরদার করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জল্পনা আরও তীব্র হয়। তবে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বক্তব্যের পর আপাতত সেই জল্পনায় ইতি টানারই ইঙ্গিত মিলেছে।





