মালদা, ৫ মার্চঃ হোলির উৎসবের রাতে ভয়াবহ উত্তেজনার ঘটনা ঘটল মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ায়। সামান্য বচসাকে কেন্দ্র করে গুলিচালনার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় এক নাবালকসহ চারজন গ্রামবাসী জখম হয়েছেন। অন্যদিকে, গুলিচালনার অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত কিশোরের বাবার। বুধবার রাত প্রায় ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির রাতে এলাকায় কয়েকজন অল্প বয়সী ছেলের মধ্যে একটি বিষয় নিয়ে বচসা বাঁধে। প্রথমে কথাকাটাকাটি হলেও পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় সমীর গুপ্ত নামে এলাকার এক রেশন ডিলারের ১৭ বছরের ছেলে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালায়। আচমকা গুলিচালনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে ১০ বছরের এক নাবালকসহ মোট চারজন গ্রামবাসী জখম হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত জখমদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। তবে গুলিচালনার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। ক্ষুব্ধ গ্রামবাসীরা সমীর গুপ্তের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুরের পাশাপাশি সমীর গুপ্তকে গণপিটুনি দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।
গুরুতর জখম অবস্থায় সমীর গুপ্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয় বলে খবর। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ সময় ধরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে লাইসেন্সপ্রাপ্ত বন্দুকটি কিশোরের হাতে এল এবং ঠিক কী পরিস্থিতিতে গুলিচালনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এখনও উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





