খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ বিজেপির নির্বাচনী প্রচারে বারবার উঠে আসে ‘পরিবারতন্ত্র’-র প্রসঙ্গ। বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে এই ইস্যুতে সরব হন বিজেপি নেতারা। এবার সেই অস্ত্রেই বিজেপিকে ঘায়েল করতে পাল্টা আক্রমণে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার নিজেদের অফিসিয়াল X হ্যান্ডেলে একটি পোস্ট করে বিজেপির ‘মোদী কা পরিবার’ প্রচারকে তীব্র কটাক্ষ করল ঘাসফুল শিবির।
তৃণমূলের পোস্টে লেখা হয়েছে, “ভণ্ডামিরও একটা সীমা থাকা উচিত!(ভন্ডামি কি ভি সীমা হোতি হ্যায়)।” গ্রাফিক্সে দাবি করা হয়েছে, বাংলায় এসে বিজেপি যখন ‘পিসি-ভাইপো’ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে, তখন তারা নিজেদের দলের অন্দরেই থাকা পরিবারতন্ত্রের দীর্ঘ তালিকা নিয়ে চুপ থাকে। পোস্টে একাধিক বিজেপি নেতার নাম ও তাঁদের পারিবারিক রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত তুলে ধরা হয়েছে।
তৃণমূলের দাবি, গ্রাফিকে ইচ্ছে করেই একটি বড় নাম বাদ রাখা হয়েছে। পোস্টে ধাঁধার আকারে উল্লেখ করা হয়েছে, “সবচেয়ে বড় নামটি আমরা বাদ রেখেছি যিনি কোনও রাজনৈতিক যোগ্যতা ছাড়াই ক্রিকেট প্রশাসক হয়েছেন।” রাজনৈতিক মহলের মতে, এই ইঙ্গিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর পুত্র ও বিসিসিআই-এর সচিব জয় শাহ-কে ঘিরেই।
এছাড়াও পোস্টে পরোক্ষে উল্লেখ রয়েছে পিযূষ গয়াল, অনুরাগ ঠাকুর, নীলেশ রানে, আকাশ বিজয়বর্গীয় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র মতো নেতাদের নাম। বিশেষ করে শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে তৃণমূল বোঝাতে চেয়েছে, দলবদল করলেও পরিবারতন্ত্রের অভিযোগ থেকে মুক্তি মেলে না। ভোটের আগে পরিবারতন্ত্র ইস্যুতে এই পাল্টাপাল্টি রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।





