শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ স্বপ্না বর্মন সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এ যোগ দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ক্রীড়া ময়দান থেকে সক্রিয় রাজনীতির অঙ্গনে তাঁর পদার্পণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস-এ করে শিলিগুড়ি পৌঁছান স্বপ্না। স্টেশনে নামতেই দলীয় কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ে। ফুলের তোড়া ও উষ্ণ অভ্যর্থনায় তাঁকে স্বাগত জানানো হয়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেশন চত্বর।
সেখান থেকে তিনি যান শিলিগুড়ির কানকাটা মোড়ের দলীয় কার্যালয়ে। অফিস প্রাঙ্গণেও ছিল উচ্ছ্বাসের আবহ। উপস্থিত কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন। অনেকেই মনে করছেন, ক্রীড়া জগতের পরিচিত মুখ দলে যোগ দেওয়ায় সংগঠনের শক্তি আরও বাড়বে।
দলীয় সূত্রের দাবি, স্বপ্না বর্মনের মতো লড়াকু মানসিকতার ক্রীড়াবিদ রাজনীতিতেও ইতিবাচক বার্তা বহন করবেন। তাঁর জনপ্রিয়তা তরুণ প্রজন্মকে রাজনীতির প্রতি আকৃষ্ট করবে বলেও আশা করা হচ্ছে।
স্বপ্না নিজেও জানিয়েছেন, মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে সংগঠনের দায়িত্ব পেলে তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ক্রীড়া অঙ্গনের সাফল্যের পর এবার রাজনৈতিক ময়দানে স্বপ্নার নতুন ইনিংস তা কতটা সফল হয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।





