মালদা, ২৮ ফেব্রুয়ারিঃ আজ এস.আই.আর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তার ঠিক আগের রাতেই মালদায় এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার গভীর রাতে মালদার সুজাপুর বিধানসভা এলাকায় বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে আগাম সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
পৌঁছানোর পরপরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সুজাপুরের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা ও সংবেদনশীল বুথ চত্বর ঘুরে দেখেন জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেও নিরাপত্তা সংক্রান্ত বার্তা দেওয়া হয়।
প্রশাসনের দাবি, এসআইআর তালিকা প্রকাশকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যই আগাম এই নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী।
সুজাপুরে বাহিনীর টহল ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এটি সম্পূর্ণ রুটিন পদক্ষেপ। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই মূল লক্ষ্য। তালিকা প্রকাশের দিন জুড়ে গোটা মালদা জেলাতেই বাড়তি সতর্কতা থাকবে বলে জানা গিয়েছে।





