খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ ফেব্রুয়ারিঃ SIR-কে ঘিরে জোরদার রাজনৈতিক তরজার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। শুক্রবার অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের জন্য অ্যাড হক বোনাস ও অগ্রিম উৎসবভাতা প্রদান করা হবে। গতবারের তুলনায় এ বছর বোনাসের অঙ্ক ও বেতনের ঊর্ধ্বসীমা দুই ক্ষেত্রেই বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’-এর আওতাভুক্ত নন এবং ৩১ মার্চ ২০২৬ অনুযায়ী যাঁদের সংশোধিত মাসিক বেতন ৪৬ হাজার টাকার মধ্যে, তাঁরা মাথাপিছু ৭,৪০০ টাকা করে অ্যাড হক বোনাস পাবেন। গত অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৬,৮০০ টাকা এবং যোগ্যতার সীমা ছিল ৪৪ হাজার টাকা। অর্থাৎ, এ বছর বেতনসীমা ২ হাজার টাকা বাড়ানো হয়েছে এবং বোনাসের অঙ্কও বৃদ্ধি পেয়েছে।
২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি (বেতন ও ভাতা পর্যালোচনা) নীতি মেনেই এই বোনাস দেওয়া হবে। তবে বাড়িভাড়া, চিকিৎসা বা অন্য কোনও ভাতা এই হিসাবের মধ্যে ধরা হবে না। নির্দিষ্ট শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক কর্মী এবং অন্তত ছ’মাস পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই সুবিধা পাবেন।
রাজ্য সরকারের দাবি, এই সিদ্ধান্তে কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা উপকৃত হবেন। মুসলিম সম্প্রদায়ের কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাস পেয়ে যাবেন।
প্রশাসনিক মহলের মতে, উৎসবের আগে আর্থিক স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন সরকারের এই ঘোষণায় রাজ্য কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসবের আগে খুশির আমেজ তৈরি হয়েছে।





