শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ শহরের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডে বসানো ৬৪টি সিসিটিভি ক্যামেরা এবং ২টি ম্যাস্টিক রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে একটি নতুন অ্যাম্বুলেন্সও তুলে দেওয়া হয়েছে ওয়ার্ড কমিটির হাতে।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সংবেদনশীল পয়েন্টে এই সিসিটিভি ক্যামেরাগুলি স্থাপন করা হয়েছে। এর ফলে অপরাধ দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক নজরদারিতে সুবিধা হবে বলে মনে করছে প্রশাসন। নির্বাচনের প্রাক্কালেও এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের।
এছাড়াও ওয়ার্ডের দু’টি গুরুত্বপূর্ণ রাস্তায় ম্যাস্টিক প্রযুক্তিতে রাস্তা নির্মাণ করা হয়েছে। এই ধরনের রাস্তা তুলনামূলকভাবে বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী, ফলে বর্ষাকালেও রাস্তার ক্ষতি কম হবে বলে দাবি পুরকর্তাদের। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনেই এই রাস্তা নির্মাণ করা হয়েছে।
পাশাপাশি “আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্পের অর্থানুকূল্যে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে ৭ নম্বর ওয়ার্ডে। জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহণে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছে পুরপ্রশাসন।
ওয়ার্ডবাসীদের একাংশ জানান, সিসিটিভি ও নতুন রাস্তা এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখবে। পুরনিগমের দাবি, আগামী দিনেও শহরের অন্যান্য ওয়ার্ডে একইভাবে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়া হবে।





