খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারিঃ রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। আগামী ৭ ও ৮ মার্চ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সন্তোষিণী হাইস্কুল মাঠে আয়োজিত আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবমতম সম্মেলনে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতির উপস্থিতিতে এই সম্মেলন ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে।
সম্মেলনে পরিবেশ সংরক্ষণ ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতনতার বার্তা দিতে রাষ্ট্রপতির হাত দিয়ে একটি শাল গাছ রোপণ করা হবে। আয়োজকদের মতে, প্রকৃতি ও আদিবাসী সংস্কৃতির নিবিড় সম্পর্কের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওঁরাও-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশের আধিকারিকরা বৈঠক করেছেন আয়োজকদের সঙ্গে।
আদিবাসী সমাজের সংরক্ষণ, সংস্কৃতি, ভাষা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গতবার অসমে অনুষ্ঠিত হলেও এবারে উত্তরবঙ্গে আয়োজিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ সভা। কাউন্সিলের কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু জানিয়েছেন, দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন এবং রাষ্ট্রপতির হাত দিয়েই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ফাঁসিদেওয়া ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। প্রশাসনের তরফে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।





