শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির সেবক রোডে ঘটে যাওয়া হিট অ্যান্ড রান ঘটনায় গ্রেফতার করা হয়েছে দেবাংশু পাল চৌধুরী নামে এক যুবককে। তিনি শহরের এক পেট্রল পাম্প মালিকের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি সেবক রোড এলাকায় এক পথচারীকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত গাড়িচালকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তকারীরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখেন। ফুটেজ বিশ্লেষণ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে গাড়ির নম্বর শনাক্ত করা হয়। এরপর গাড়ির মালিকানা সূত্র ধরে চালকের পরিচয় সামনে আসে। পুলিশ অভিযানে নেমে দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ কত ছিল, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না এবং ঘটনার পর কেন পালিয়ে যাওয়া হয় এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে দোষীর কঠোর শাস্তির দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।





