খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ফেব্রুয়ারিঃ ২০২৬ টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনাল ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে ভারতীয় দলের জন্য। টুর্নামেন্ট সূচি অনুযায়ী, সুপার এইট পর্ব পেরিয়ে সেমিফাইনালে উঠলে ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলবে মুম্বইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ। তবে বিশেষ এক পরিস্থিতিতে সেই পরিকল্পনায় বড়সড় বদল আসতে পারে।
যদি সুপার এইটের ফলাফলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় পাকিস্তান, তাহলে ম্যাচটি আর মুম্বইয়ে অনুষ্ঠিত হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান হাইব্রিড মডেল চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতেই আয়োজন করা হবে। সেই সূত্রেই সম্ভাব্য ভারত-পাক সেমিফাইনাল আয়োজন করা হতে পারে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ।
এ ক্ষেত্রে সূচিতেও পরিবর্তন ঘটবে। ৫ মার্চ মুম্বইয়ে নির্ধারিত দ্বিতীয় সেমিফাইনাল না খেলে ভারতকে ৪ মার্চ কলম্বোতে প্রথম সেমিফাইনালে নামতে হতে পারে। অর্থাৎ ম্যাচটি পড়বে হোলির দিন, যা ভারতের অন্যতম বড় উৎসব। ফলে ক্রীড়াপ্রেমীদের আবেগে বাড়তি উত্তাপ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইসিসির পূর্বঘোষণা অনুযায়ী, ভারত যদি পাকিস্তান ছাড়া অন্য কোনও দলের মুখোমুখি হয়, তবে মুম্বইই সেমিফাইনালের আয়োজক থাকবে। অন্যদিকে পাকিস্তান সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনালের নির্ধারিত ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন থেকেও ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোতে।
উল্লেখযোগ্য বিষয়, সহ-আয়োজক হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কাকেও সম্ভাব্য সেমিফাইনালের জন্য ভারতে সফর করতে হতে পারে। সব মিলিয়ে, ২০২৬ টি-২০ বিশ্বকাপের শেষ চার ঘিরে ক্রীড়া ও কূটনৈতিক সমীকরণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।





