খবরিয়া ২৪ ডেস্ক, ২০ ফেব্রুয়ারিঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনেই কেন্দ্র থেকে প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেল এক ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়। যদিও এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি ছাত্রীর পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বয়স ১৮ বছর পাঁচ মাস। এবছর সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তার সিট পড়েছিল সবংয়ের চাঁদকুড়ি হাই স্কুলে। বৃহস্পতিবার সকালে ছাত্রীর মামা তাকে পরীক্ষাকেন্দ্রের বাইরে নামিয়ে দিয়ে যান। নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ হলে অন্যান্য পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে এলেও ওই ছাত্রীকে দেখা যায়নি। এতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার মামা।
খোঁজ নিতে তিনি শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, ছাত্রী নাকি পরীক্ষাকেন্দ্রেই ঢোকেনি। অর্থাৎ সে পরীক্ষা দিতেই যায়নি। এরপরই সামনে আসে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, স্কুল পোশাক পরা এক মেয়েকে এক যুবকের সঙ্গে এলাকা ছাড়তে দেখা গিয়েছে। সেই সূত্র ধরেই পরিবার অনুমান করছে, প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধার উদ্দেশ্যে সে বাড়ি ছেড়েছে।
পরিবারের দাবি, এই ঘটনা নতুন নয়। এর আগেও একবার প্রেমিকের সঙ্গে পালিয়েছিল ছাত্রী। তখন পরিবারের সদস্যরা বুঝিয়ে-সুজিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনেন এবং পুনরায় পড়াশোনায় মন দেওয়ার সুযোগ দেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হল না। প্রেমের টানেই ফের বাড়ি ছাড়ল সে।
এ মুহূর্তে ছাত্রী কোথায় রয়েছে বা কী পরিস্থিতিতে রয়েছে, তা জানা যায়নি। পরিবার সূত্রে খবর, তারা আত্মীয়স্বজন ও পরিচিত মহলে খোঁজখবর চালাচ্ছে। এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ না করা হলেও, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরিবার পুলিশের দ্বারস্থ হতে পারে বলেই জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনার জেরে স্থানীয় মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিবার এখন একটাই প্রার্থনা করছে যেন মেয়ে নিরাপদে বাড়ি ফিরে আসে।





