শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ রাজ্যজুড়ে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হলো ২০২৫-২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা থাকায় সকাল থেকেই পরীক্ষার্থীরা নিজ নিজ সেন্টারে উপস্থিত হতে শুরু করে।
সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিদ্যালয়ে প্রবেশের আগে পরীক্ষার্থীদের তল্লাশি করে ভেতরে ঢোকানো হয়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের একাংশ জানায়, জীবনের দ্বিতীয় বড় এই পরীক্ষাকে ঘিরে কিছুটা ভয় থাকলেও প্রস্তুতি ভালোই রয়েছে। প্রশ্নপত্র অনুকূলে হলে তারা ভালো ফল করার ব্যাপারে আশাবাদী।
এদিন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উৎসাহ ও মনোবল বাড়াতে কপালে চন্দনের শুভ ফোঁটা লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে জলের বোতল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।





