গুয়াহাটি, ১১ ফেব্রুয়ারিঃ অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বিশেষ সংশোধন প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, নতুন তালিকায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা ০.৯৭ শতাংশ কমেছে। অর্থাৎ খসড়া তালিকা থেকে ২ লক্ষ ৪৩ হাজার ৪৭৫ জন ভোটারের নাম বাদ পড়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪। তথ্য যাচাই, দাবি ও আপত্তি খতিয়ে দেখার পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯।
লিঙ্গভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, অসমে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩, মহিলা ভোটার ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩ জন। এছাড়াও তালিকায় ৩৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটারের নাম রয়েছে।
কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছিল গত বছরের ২২ নভেম্বর। ২০ ডিসেম্বর পর্যন্ত নিবিড় তথ্য যাচাইয়ের কাজ চলে। এরপর ২৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার উপর ২৭ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সাধারণ মানুষের দাবি ও অভিযোগ গ্রহণ করা হয়। সব তথ্য যাচাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের মতে, এই সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে আরও নির্ভুল ও হালনাগাদ করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরির মতো রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলছে। অন্যদিকে অসমে হয়েছে বিশেষ সংশোধন(SR) প্রক্রিয়া। এটি বার্ষিক সংশোধন এবং নিবিড় সংশোধনের মাঝামাঝি একটি পদ্ধতি। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করেছেন। নতুন করে ফর্ম জমা দেওয়ার পরিবর্তে আগে জমা থাকা তথ্য মিলিয়ে দেখা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অসমে নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগোল বলে মনে করছে প্রশাসনিক মহল।





