মুর্শিদাবাদ, ৯ ফেব্রুয়ারিঃ বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর ঘোষণা করেছেন, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হবে। তার পরদিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, শুরু হবে ‘বাবরি যাত্রা’।
রবিবার মুর্শিদাবাদে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন হুমায়ুন কবীর। তিনি জানান, নদিয়ার পলাশি থেকে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত প্রায় ২৬৫ কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রা। প্রায় ১০০টি গাড়ি নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং প্রতিটি গাড়িতে চালক-সহ ছ’জন করে অংশগ্রহণকারী থাকবেন। সেই হিসেবে প্রায় ৬০০জন এই যাত্রায় অংশ নেবেন বলে জানা গিয়েছে।
হুমায়ুন কবীরের দাবি, বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কিছু মহল অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারের জবাব দিতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, মানুষকে প্রকৃত তথ্য জানানো এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ১১ ফেব্রুয়ারি কোরান পাঠের মাধ্যমে নির্মাণকাজের সূচনা হবে বলেও তিনি জানিয়েছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ‘বাবরি যাত্রা’ আসন্ন নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। উত্তর ও দক্ষিণ বাংলাকে প্রতীকীভাবে যুক্ত করার মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থানকে আরও শক্ত করতে চাইছেন হুমায়ুন কবীর এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।
বাবরি মসজিদ নির্মাণ এবং এই যাত্রাকে ঘিরে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক ও আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।





