মাথাভাঙা, ২৪ জানুয়ারিঃ বিএলও এর বাড়ি থেকে এসআইআরের হেয়ারিং নোটিশ আনতে গিয়ে অসুস্থ গ্রামবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা । মৃত ওই বৃদ্ধের নাম রহমান বস্তাদার (৬৫)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের পারাডুবি গ্রাম পঞ্চায়েতের ১১৮ নম্বর বুথের । জানা গিয়েছে ছেলে আমিনুরের নামে হেয়ারিং-এর নোটিশ এসেছিল । আর সেই নোটিশ বিএলও এর বাড়ি থেকে আনতে গিয়েছিলেন বাবা রহমান বস্তাদার। বিএলওর বাড়িতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
এসআইআরের আতঙ্কে ফের মৃত্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তার পরিবার সূত্রে জানা গেছে, রহমান বস্তাদরের ছোট ছেলে আমিনুর মানসিক ভারসাম্যহীন । অভিযোগ, নাম সংক্রান্ত একটি ভুলের কারণে আমিনুরের নামে এসআইআর সংক্রান্ত নোটিশ এসেছিল।





