খবরিয়া ২৪ ডেস্ক, ২১ জানুয়ারিঃ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল বাংলায়। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর,এসআইআর-এর সময়সীমা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত দিন বদলে যেতে পারে। যদিও এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও,সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশাবলি মানতে গিয়ে সেই সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন কমিশনের একাংশ।
এর আগে এক দফা সময়সীমা বাড়ানোর পর কমিশন জানিয়েছিল,আগামী ৭ ফেব্রুয়ারি এসআইআর শুনানির শেষ দিন এবং ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী,লজিক্যাল ডিসক্রেপেন্সির ভিত্তিতে যেসব ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে,তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে এবং গ্রামাঞ্চলে পঞ্চায়েত এলাকায় সেই তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়,শুনানিতে ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহের পর রিসিভ কপি দেওয়ার কথাও স্পষ্টভাবে বলা হয়েছে আদালতের তরফে। পাশাপাশি আরও কয়েকটি প্রশাসনিক নির্দেশ মানতে হবে কমিশনকে। কমিশনের দাবি,এই সমস্ত নির্দেশ কার্যকর করতে অতিরিক্ত সময় লাগতে পারে। সেই কারণেই ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল। ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া চলে। একই সঙ্গে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলার কথা ছিল। তবে এসআইআর শুরুর পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় নিয়ে এই প্রক্রিয়া চালানোর দাবি জানিয়ে আসছেন। তিনি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন। যদিও সেই সময় কমিশন সময়সীমা বাড়ানোর দাবিতে সাড়া দেয়নি। এখন সুপ্রিম কোর্টের নির্দেশের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়,সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।





