অলিপুরদুয়ার, ২০ জানুয়ারি : শীঘ্রই চা বাগান খোলা সহ একাধিক দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন অলিপুরদুয়ার জেলার বন্ধ মধু চা বাগানের শ্রমিকেরা।
উল্লেখ্য, গত মে মাস থেকে মধু চা বাগানটি বন্ধ অবস্থায় রয়েছে। বাগান বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন শতাধিক শ্রমিক পরিবার। শ্রমিকদের অভিযোগ, বাগান বন্ধ থাকলেও তাঁদের কোনও ফাউলাই ভাতা প্রদান করেনি শ্রম দফতর বা বিকল্প রোজগারের ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি, বাগান পুনরায় খোলার বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এই পরিস্থিতিতে মঙ্গলবার ক্ষুব্ধ শ্রমিকেরা আন্দোলনে নামেন।এদিন সকাল থেকে শতাধিক শ্রমিক প্রথমে বন্ধ মধু চা বাগান চত্বরে মিছিল করেন। পরে তাঁরা মধু চৌপথি এলাকায় আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।সড়ক অবরোধের ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবার অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। অবিলম্বে বাগান খোলা ও শ্রমিকদের প্রাপ্য ফাউলাই ভাতা দেওয়া না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও স্পষ্ট জানান শ্রমিকেরা।





