শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ শিলিগুড়িতে শুরু হল ইন্ডিয়া হ্যান্ডবল ক্লাস্টার টুর্নামেন্ট। সশস্ত্র সীমাবল (এসএসবি)-এর উদ্যোগে সোমবার শিলিগুড়ির তিস্তা স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার সূচনা হয়। খেলাধুলোর মাধ্যমে জাতীয় সংহতি, শৃঙ্খলা ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এদিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী। তাঁর উপস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্যভাবে, চলতি বছর এই টুর্নামেন্ট দ্বিতীয় বর্ষে পদার্পণ করল, যা শিলিগুড়ির ক্রীড়াক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন ক্রীড়ামহল।
কেন্দ্রীয় সরকারের ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর আওতায় আয়োজিত এই ক্রীড়া আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় মান্টু ঘোষ। এছাড়াও রানিডাঙ্গা এসএসবি হেডকোয়ার্টারের আইজি বন্ধন সাক্সেনা-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও তাঁদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মহিলা ও পুরুষ দুই বিভাগ মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৮০টি দল এবং ৩০টি সংগঠন এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলোয়াড়দের উপস্থিতিতে তিস্তা স্টেডিয়াম এখন যেন এক সর্বভারতীয় ক্রীড়া উৎসবের রূপ নিয়েছে।
আয়োজকদের মতে, এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলোর প্রতি আকৃষ্ট করার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরের বড় ক্রীড়া আসরের জন্য শক্ত ভিত গড়ে তুলবে।





