খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ জানুয়ারিঃ গত বছরের ডিসেম্বর মাসে একের পর এক উড়ান বাতিল ও সময়সূচি বদলের জেরে চরম যাত্রীভোগান্তির ঘটনায় দেশের বৃহত্তম বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ(Directorate General of Civil Aviation)। শনিবার জারি করা এক বিবৃতিতে ডিজিসিএ জানিয়েছে, ইন্ডিগোর উপর ২২ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি সংস্থার শীর্ষস্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে।
ডিজিসিএ-র নির্দেশে ইন্ডিগোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস)-কে তাঁর বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে কোনও দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংস্থার সিইও ও সিওও-কে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ডিজিসিএ জানিয়েছে, গত ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগোর মোট ২,৫০৭টি উড়ান বাতিল হয়েছিল এবং আরও ১,৮৫২টি উড়ানের সময়সূচি পরিবর্তন করা হয়। এর জেরে দেশের বিভিন্ন বিমানবন্দরে তিন লক্ষেরও বেশি যাত্রী আটকে পড়েন। হঠাৎ করে এত বিপুল সংখ্যক উড়ান বাতিল হওয়ায় যাত্রী পরিষেবায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়।
এই ঘটনার পর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশে ডিজিসিএ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত চলাকালীন ইন্ডিগোর শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করা হয় এবং সংস্থার নেটওয়ার্ক পরিকল্পনা, সফ্টওয়্যার ব্যবস্থাপনা, পাইলট ও কেবিন ক্রুদের ডিউটি রোস্টার খতিয়ে দেখা হয়। তদন্ত রিপোর্টে উঠে এসেছে, এই বিপর্যয়ের নেপথ্যে মূলত পরিচালনাগত ত্রুটি, দুর্বল পরিকল্পনা এবং সংশোধিত ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ (FDTL) বিধি মানতে ব্যর্থ হওয়াই প্রধান কারণ।
ডিজিসিএ-র পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ইন্ডিগোর কর্মীদের কাজের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে সর্বাধিক কাজ আদায় করা যায়। দীর্ঘক্ষণ একটানা ডিউটি, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং কাজের সময়সীমা বাড়ানোর ফলে ধীরে ধীরে পুরো পরিচালন ব্যবস্থা ভেঙে পড়ে। এর সরাসরি প্রভাব পড়ে যাত্রী পরিষেবার উপর, যার ফলেই দেখা দেয় ব্যাপক উড়ান বাতিল ও বিলম্ব।
ডিজিসিএ তদন্তের বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে পাঠিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার স্পষ্ট বার্তা যাত্রী নিরাপত্তা, পরিষেবার মান এবং নিয়ম মেনে পরিচালনার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে উড়ান সংস্থাগুলিকে আরও দায়বদ্ধ হতে হবে বলেও জানানো হয়েছে।





