দিনহাটা, ১৮ জানুয়ারিঃ সিতাই বিধানসভার ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। জীবিত এক বয়স্ক মহিলাকে ভোটার তালিকায় ‘মৃত’ দেখানো হয়েছে বলে অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। রবিবার দুপুরে ওই মহিলাকে পাশে বসিয়েই সংবাদমাধ্যমের সামনে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কটাক্ষ করেন সাংসদ।
ঘটনার কেন্দ্রে রয়েছেন ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের ৬/২৯ নম্বর বুথের ভোটার জহরা বিবি। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাঁর নামের পাশে ‘মৃত’ লেখা রয়েছে বলে অভিযোগ। অথচ জহরা বিবি সম্পূর্ণ সুস্থ ও জীবিত। এদিন তাঁকে সামনে রেখেই সাংসদ বলেন, “এই ধরনের ঘটনা নির্বাচন কমিশনের ভূতের খেলা ছাড়া আর কিছু নয়। জীবিত মানুষকে মৃত দেখিয়ে কীভাবে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, তা বোধগম্য নয়।”
জহরা বিবি নিজেও ক্ষোভ উগরে দিয়ে জানান, “আমার ভোটার কার্ড আগে হারিয়ে গিয়েছিল। কাজের সূত্রে আমি অন্য রাজ্যে থাকি। কিন্তু আমি তো বেঁচে আছি। তাহলে আমাকে মৃত দেখানো হচ্ছে কেন?” তাঁর দাবি, এর ফলে ভবিষ্যতে ভোটাধিকার হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটার তালিকায় এভাবে জীবিত মানুষকে মৃত দেখানোর অভিযোগ নতুন নয়। অতীতেও একাধিক জায়গায় এমন ঘটনা সামনে আসায় গোটা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।





