শিলিগুড়ি, ১৪ জানুয়ারিঃ স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানে ৪৮৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মাটিগাড়ায়। গতকাল গভীর রাতে মাটিগাড়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি চার চাকার গাড়ির গতিবিধি নজরে আসে পুলিশের।
পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনাস্থল থেকেই গোবিন্দ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করছে পুলিশ।
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত চার চাকার গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের ছক ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
আজ ধৃত গোবিন্দ রায়কে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।





