কোচবিহার, ২৬ ডিসেম্বর : মাথাভাঙ্গা এক ব্লকের হাজরাহাট এলাকায় দুটি পরিবারের মধ্যে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রেক্ষিতে শুক্রবার দুপুর প্রায় বারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা। তিনি জানান, প্রাথমিক তদন্তে এটি পারিবারিক বিবাদ ও প্রেমঘটিত সমস্যার জের বলেই উঠে এসেছে।
পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুধীর শিকদার, কানাই শিকদার ও চঞ্চলা সরকার। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের কারণ জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে বিবাদ চলছিল, যার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ সুপার স্পষ্টভাবে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক বিষয় জড়িত নেই। প্রেমঘটিত গোলমাল থেকেই বিবাদ চরম আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।
এলাকায় যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, সে জন্য হাজরাহাট এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ প্রশাসনের তরফে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।





