মাথাভাঙা, ১৮ ডিসেম্বরঃ এবার অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক ছড়ালো এলাকাতে।এমনকি অজানা জন্তুর পায়ের ছাপের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়।এলাকাবাসীর দাবি অজানা জন্তুর পায়ের ছাপটি বাঘের। তাই খবর দেওয়া হয় বনদপ্তরে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা বনদপ্তরের কর্মীরা। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ভেড়ভেড়ি মানাবাড়ি গ্রামের দাসপাড়া এলাকার।
এলাকাবাসী তাপস দাস জানান, গতকাল রাতে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান এলাকায়।তবে সেই ছাপটি চিতাবাঘের বলেই মনে হচ্ছে। যেহেতু কিছুদিন আগেই পার্শ্ববর্তী এলাকায় চিতা বাঘের হানায় জখম হয়েছিলেন বেশ কয়েকজন,তাই ঘটনায় এলাকাবাসীরা বেশ আতঙ্কে রয়েছে বলেও তিনি জানান এবং বনদপ্তর ব্যবস্থা নিক বলেই দাবি করেন তিনি।
এলাকার পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত বলেন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন এবং বনদপ্তরের কর্মীরাও এসেছেন।এলাকাবাসীর সাথে কথা বলেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন ভয়ের কিছু নেই। তবে চিতাবাঘ বা কোন বন্য-জন্তু দেখতে পেলে বনদপ্তরে খবর দেওয়ারও কথা তিনি জানিয়েছেন বলে জানান।





