খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ভারত সফর ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার পর হতাশ হয়ে ফিরেছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। কয়েক হাজার টাকা দামের টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ার ক্ষোভ থেকেই পরিস্থিতি চরমে ওঠে। গত ১৩ ডিসেম্বর মেসির ভারত সফরের প্রথম দিনেই সেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে কলকাতায়। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে মাঠের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতেই তীব্র কটাক্ষ ও কুরুচিকর মন্তব্যের মুখে পড়েন তিনি।
শুভশ্রীকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণের ঘটনায় এবার আইনি পথে হাঁটলেন তাঁর স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী। সোমবার খড়দহ ও টিটাগড় থানায় শুভশ্রীর বিরুদ্ধে হওয়া ট্রোলিংয়ের প্রতিবাদে গণসাক্ষরসহ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। রাজ চক্রবর্তীর দাবি, কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে এভাবে অশালীন ভাষা ব্যবহার করা কখনওই গ্রহণযোগ্য নয়। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
এর আগেই সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর পাশে দাঁড়িয়ে সরব হয়েছিলেন রাজ। তিনি জানান, যুবভারতীতে যে ঘটনা ঘটেছে তা ফুটবলপ্রেমী বাঙালির জন্য লজ্জাজনক। দোষীদের শাস্তি হওয়া উচিত। তবে মেসির সঙ্গে ছবি পোস্ট করার কারণে যেভাবে শুভশ্রীকে ট্রোল করা হয়েছে, তাতে তিনি গভীরভাবে আহত। রাজের বক্তব্য, একজন অভিনেত্রী পরিচিত মুখ বলেই তাঁর শরীর, পরিবার, এমনকি সন্তানকেও কটাক্ষের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
রাজ চক্রবর্তী আরও লেখেন, শুভশ্রীর সঙ্গে যুবভারতীর বিশৃঙ্খলার কোনও সম্পর্ক নেই। তিনিও সাধারণ দর্শকদের মতোই ফুটবলের মহাতারকাকে দেখতে গিয়েছিলেন এবং গোটা ঘটনায় তিনিও মর্মাহত। সমালোচনা ও অপমানের মধ্যে পার্থক্য বোঝা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
তাঁর মতে, ট্রোল কালচারের বদলে গঠনমূলক আলোচনা থেকেই সমাধান আসা উচিত। এই ঘটনার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি কুরুচিকর আচরণের বিরুদ্ধে ফের সরব হলেন রাজ ও শুভশ্রী।





