মুর্শিদাবাদ, ২৮ নভেম্বরঃ রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা কি এ বার ঢুকে পড়বে ব্যক্তিগত সম্পর্কেও? মুর্শিদাবাদে বিজেপির এক নেতার মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সিপিএম, কংগ্রেস এবং তাঁদের সহযোগীদের বাড়িতে মেয়ের বিয়ে না দেওয়ার নিদান দিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমেন মণ্ডল। শুধু তা-ই নয়, তাঁদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাওয়ার ক্ষেত্রেও দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাগের পাঁচরাহা মোড়ে একটি সভায় তাঁর এই মন্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
সভায় মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষের উপস্থিতিতেই সোমেন বলেন, ‘‘ককরোচ, সিপিএম এবং কংগ্রেস সহযোগীদের বাড়িতে কেউ মেয়ের বিয়ে দেবেন না। তাঁদের থেকে দশ হাত দূরত্ব বজায় রাখুন। তাঁরা যে দোকানে বসে চা খাবেন, সেই দোকানে চা-ও খাওয়া যাবে না।’’ তাঁর আরও অভিযোগ, এই রাজনৈতিক গোষ্ঠীগুলি শুধু রাজনৈতিক বিরোধিতা করছে না, দেশের স্বার্থের বিরুদ্ধেও কাজ করছে। দেশবিরোধী কার্যকলাপে কেউ নামলে রাস্তায় নেমে তার জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি।
স্বাভাবিক ভাবেই বিজেপি নেতার এই মন্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেস ও সিপিএম। কংগ্রেস নেতা অর্ণব রায়ের বক্তব্য, লালবাগের রাজনৈতিক সংস্কৃতিতে মতাদর্শের বিরোধিতা থাকলেও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সৌজন্য বজায় থাকে। তাঁর কথায়, ‘‘লালবাগের সংস্কৃতি হচ্ছে রাজনীতি রাজনীতির জায়গায়, তার পরে এক জায়গায় বসে চা খাওয়া। হঠাৎ এরা বড় নেতা হয়ে গিয়েছে। একসময় জ্যোতিপ্রিয় মল্লিকও এই কথা বলতেন।’’
সিপিএম নেতা মনু শেখও বিজেপি নেতার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাঁর মন্তব্য, ‘‘ওই বিজেপি নেতার শুভবুদ্ধির উদয় হোক। তৃণমূলের কথাও মানুষ শোনেনি। বিজেপির কোনও নেতা রাস্তায় দাঁড়িয়ে কী বলল, তা-ও কেউ শুনবে না। বিজেপির মুখে দেশপ্রেমের কথা মানায় না।’’ ক্ষমতার দম্ভ থেকেই এ ধরনের মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
তবে বিরোধীদের সমালোচনার পরেও নিজের বক্তব্য থেকে সরে আসেননি সোমেন মণ্ডল। তাঁর দাবি, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করতে গিয়ে কমিউনিস্ট ও কংগ্রেস নেতারা দেশের বিরোধিতায় নেমেছেন। তাঁর বক্তব্য, দেশবিরোধী নেতা বা তাঁদের স্লোগানকে যাঁরা সমর্থন করেন, তাঁদের সঙ্গে সামাজিক সম্পর্ক রাখা উচিত নয়। এমনকি পাড়ায় সিপিএম বা কংগ্রেসের সমর্থকদের একঘরে করার কথাও বলেন তিনি।
রাজনৈতিক মতবিরোধের জেরে সামাজিক সম্পর্ক ও পারিবারিক সিদ্ধান্তে হস্তক্ষেপের এই নিদান ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। নির্বাচনী রাজনীতিতে বিরোধিতা নতুন নয়। কিন্তু সেই বিরোধিতার সূত্র ধরে কারও সঙ্গে আত্মীয়তা, সামাজিক মেলামেশা কিংবা দৈনন্দিন সম্পর্ক ছিন্ন করার আহ্বান কতটা গ্রহণযোগ্য, তা নিয়েই এখন বিতর্ক। লালবাগের এই মন্তব্যকে ঘিরে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে।





