নয়াদিল্লী, ২৮ নভেম্বরঃ সংসদের বিশেষ অধিবেশনের আগে দেশের নির্বাচনী মানচিত্রে বড়সড় বদলের প্রস্তুতি শুরু করল কেন্দ্রীয় সরকার। লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার পাশাপাশি প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের সংবিধান (১৩২তম সংশোধনী) বিলে সিলমোহর পড়েছে। সরকারের লক্ষ্য, ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই মহিলা সংরক্ষণ কার্যকর করা।
আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। তার ঠিক আগে মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত বিলের মাধ্যমে একদিকে সংসদ ও বিধানসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর পরিকল্পনা, অন্যদিকে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টন নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ মেটানোর চেষ্টা করছে কেন্দ্র।
নতুন প্রস্তাবে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৮৫০ এবং রাজ্য বিধানসভাগুলির সর্বোচ্চ আসন সংখ্যা ৬৫০ করার কথা বলা হয়েছে। পাশাপাশি ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের পরে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা এবং বিধানসভায় আসন সংখ্যা বর্তমানের তুলনায় ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
এই ব্যবস্থার জন্য মহিলা সংরক্ষণ সংক্রান্ত ৩৩৪এ অনুচ্ছেদে সংশোধন আনার পরিকল্পনা করা হয়েছে। সরকারের দাবি, এর ফলে আসন বৃদ্ধি ও মহিলা সংরক্ষণ দু’টি প্রক্রিয়াই একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
নতুন প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, রাজ্যগুলির মধ্যে লোকসভা আসন বণ্টনের বর্তমান আনুপাতিক হার ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখা। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত আন্তঃরাজ্য অনুপাত বজায় রাখার জন্য সংবিধানের ৮১(৩)(আই) অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাব রয়েছে।
জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সংসদীয় প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা ছিল। নতুন প্রস্তাবে সেই উদ্বেগের মোকাবিলা করার চেষ্টা হয়েছে। তবে নির্বাচনী কেন্দ্রগুলির ভৌগোলিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে ২০১১ সালের জনগণনার তথ্য ব্যবহারের কথা বলা হয়েছে। রাজ্যগুলির অভ্যন্তরে বিধানসভা আসন বণ্টনের ক্ষেত্রে আইন কার্যকর হওয়ার সময় উপলব্ধ সর্বশেষ প্রকাশিত জনগণনার পরিসংখ্যানকে ভিত্তি করার প্রস্তাব রয়েছে।
এই পরিকল্পনা কার্যকর করতে সংসদে তিনটি বিল আনার কথা জানিয়েছে সরকার। প্রথমটি আসন বৃদ্ধি এবং রাজ্যগুলির মধ্যে ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় রাখার জন্য সংবিধান সংশোধনী বিল। দ্বিতীয়টি ডিলিমিটেশন কমিশন গঠনের জন্য ‘ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬’। আগের ডিলিমিটেশন বিল প্রত্যাহার করে নতুন বিল আনার পরিকল্পনা রয়েছে। তৃতীয় বিলটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন পুনর্বিন্যাস সংক্রান্ত।
বিলগুলি সংসদে পাস এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ডিলিমিটেশন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, মহিলা সংরক্ষণের মেয়াদ হবে ১৫ বছর। প্রতি তিনটি নির্বাচনী মেয়াদের পর সংরক্ষিত আসনগুলির আবর্তন বা রোটেশন হবে। আসন সংখ্যা বাড়লেও রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ ও বিধায়কদের ভোটের মূল্য যাতে অপরিবর্তিত থাকে, সে জন্য পৃথক বিল আনার কথাও রয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে আনা ২০২৬ সালের সংবিধান (১৩১তম সংশোধনী) বিল লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেই প্রস্তাবে সব রাজ্যে সমানুপাতিক হারে আসন বৃদ্ধির ব্যবস্থা না থাকায় আঞ্চলিক দলগুলির আপত্তি উঠেছিল। মহিলা সংরক্ষণ কার্যকরের সময়সীমা ও জনগণনার সঙ্গে তার সম্পর্ক নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছিল।
এ বার সেই আপত্তিগুলির কয়েকটি বিবেচনায় রেখে নতুন প্রস্তাব সাজিয়েছে কেন্দ্র। তবে বিলগুলি সংসদে পেশ হওয়ার পর বিরোধী দলগুলির অবস্থান কী হয়, তা নিয়েই এখন নজর রাজনৈতিক মহলের। ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনেই স্পষ্ট হবে, কেন্দ্রের এই নতুন পরিকল্পনা কতটা সমর্থন পায়।





