কোচবিহার, ২৩ নভেম্বরঃ বাজারে আগুন দাম। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অন্য দিকে, দীর্ঘদিন ধরে বন্ধ কোচবিহারের বিমান পরিষেবা। এই দুই ইস্যুকে সামনে রেখেই এ বার রাস্তায় নামল জাতীয় কংগ্রেস। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং কোচবিহার থেকে দ্রুত বিমান পরিষেবা চালুর দাবিতে সোমবার শহরে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করলেন কংগ্রেসের নেতা-কর্মীরা।
কোচবিহার জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি পৌঁছয় রেলঘুমটি মোড় সংলগ্ন রেলগেটের সামনে। সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। স্লোগানের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস কর্মীরা।
বিক্ষোভকারীদের মূল দাবি, অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ করতে হবে। পাশাপাশি, কোচবিহারের বন্ধ বিমান পরিষেবা দ্রুত চালু করতে হবে। জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকারের অভিযোগ, দীর্ঘদিন বিমান পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন জেলার সাধারণ মানুষ। বিশেষ করে চিকিৎসা, ব্যবসা এবং জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে বিমান পরিষেবা চালু থাকলে উত্তরবঙ্গের এই প্রান্তিক জেলার বাসিন্দারা উপকৃত হতেন।
তাঁর বক্তব্য, কোচবিহারের বিমান পরিষেবা চালুর বিষয়ে বারবার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত পরিষেবা চালু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এ দিকে, পথ অবরোধের জেরে রেলঘুমটি মোড় সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। থানার আইসির হস্তক্ষেপে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হয়। পরে অবরোধ তুলে নেন কংগ্রেস কর্মীরা। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বিমান পরিষেবা দুই নাগরিক সমস্যাকে হাতিয়ার করে কোচবিহারে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার চেষ্টা করল জেলা কংগ্রেস। তবে দাবিগুলি নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।





