আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফায়ার লাইসেন্সের নামে টাকা নেওয়ার অভিযোগ, কোচবিহারে দমকল আধিকারিকের দফতরে এসিবি হানা

Published on: November 20, 2026
---Advertisement---

কোচবিহার, ২০ নভেম্বরঃ ফায়ার লাইসেন্স পেতে গেলে কি গুনতে হচ্ছিল অতিরিক্ত টাকা? এমনই অভিযোগের সূত্র ধরে কোচবিহারের দমকল দফতরে অভিযান চালাল দুর্নীতি দমন শাখা(এসিবি)। শুক্রবার দুপুরে বিভাগীয় দমকল আধিকারিক সাধন কুমার দাসের কার্যালয়ে তল্লাশি চালান তদন্তকারীরা। আচমকা এই অভিযানে দমকল দফতর চত্বরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

সূত্রের খবর, বিভিন্ন ভবনের ফায়ার লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, লাইসেন্স সংক্রান্ত কাজের জন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে দুর্নীতি দমন শাখা। শীতলকুচির এক বাসিন্দার কাছ থেকে টাকা নেওয়ার সময় সাধন কুমার দাসকে হাতেনাতে আটক করেন এসিবির আধিকারিকেরা বলে সূত্রের দাবি।

এর পরেই দমকল দফতরের সংশ্লিষ্ট কার্যালয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন নথি ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে। ফায়ার লাইসেন্স সংক্রান্ত কাজে কোনও অনিয়ম হয়েছে কি না, আর্থিক লেনদেনের অভিযোগের পিছনে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ফায়ার লাইসেন্স যে কোনও বাণিজ্যিক বা জনসমাগম হয় এমন ভবনের অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি। সেই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াকে ঘিরেই আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে, নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এসিবির এই পদক্ষেপ।

তবে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তাঁর বা দমকল দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা, আর্থিক লেনদেনের প্রকৃতি এবং গোটা ঘটনায় অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তদন্তের পরেই তা স্পষ্ট হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment