আলিপুরদুয়ার, ১৮ নভেম্বরঃ শুধু বরাদ্দ বাড়ালেই দায়িত্ব শেষ নয়, সেই অর্থের সুফল আদৌ পৌঁছচ্ছে কি না, তা যাচাই করতেও যে প্রশাসনকে মাঠে নামতে হবে, সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসী আবাসিক পড়ুয়াদের থাকা-খাওয়ার খরচ বাড়ানোর পর এ বার হস্টেলের খাবারের গুণগত মান ও পরিমাণ সরাসরি পড়ুয়াদের কাছ থেকে জানতে চাইলেন তিনি। আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে লোকনাথপুর গার্লস হস্টেল পরিদর্শন দুই ক্ষেত্রেই পড়ুয়াদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই আদিবাসী উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আসছে নতুন সরকার। হুল দিবস উপলক্ষে বাঁকুড়ার অনুষ্ঠানে আদিবাসী হস্টেলে থাকা পড়ুয়াদের মাসিক থাকা-খাওয়ার ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন শুভেন্দু। আগে মাথাপিছু মাসে ১৮০০ টাকা বরাদ্দ ছিল। তা বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়। আগস্ট মাস থেকে বর্ধিত বরাদ্দ কার্যকর হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।
কিন্তু বরাদ্দ বাড়লেই যে পড়ুয়াদের খাবারের মান ও পরিমাণ নিশ্চিত হবে, তার নিশ্চয়তা নেই। সেই বিষয়টি খতিয়ে দেখতেই এ দিনের প্রশাসনিক বৈঠকে হস্টেল কর্তৃপক্ষের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে ডেকে খাবারের পরিমাণ এবং গুণগত মান সম্পর্কে জানতে চান তিনি। পড়ুয়ারা সব প্রশ্নের উত্তর ইতিবাচক ভাবে দেওয়ার পর খানিক হেসে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “পাশ থেকে কেউ শিখিয়ে দিচ্ছে না তো?” তাঁর এই মন্তব্যে বৈঠকের পরিবেশও কিছুটা হালকা হয়ে ওঠে। তবে হস্টেল কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দেন, পড়ুয়াদের খাবারের মান নিয়ে কোনও আপস বরদাস্ত করা হবে না।
এ দিন লোকনাথপুর গার্লস হস্টেলের ওয়ার্ডেনদের কাছ থেকেও আবাসনের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন শুভেন্দু। পরে নিজে হস্টেল ঘুরে দেখেন। শয়নকক্ষ থেকে খাবার ঘর বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
শুধু খাবার বা আবাসনের পরিকাঠামো নয়, পড়ুয়াদের সাংস্কৃতিক চর্চার দিকেও নজর দেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে একটি হস্টেলের আবাসিকেরা আদিবাসী ভাষায় সমবেত গান শোনান তাঁকে। তাঁদের গানের প্রশংসা করে রাজ্যের ৩২৪টি আদিবাসী হস্টেলে বাদ্যযন্ত্র পাঠানোর নির্দেশ দেন শুভেন্দু। হারমোনিয়াম-সহ প্রয়োজনীয় বাদ্যযন্ত্র দেওয়ার কথাও জানান তিনি।
প্রশাসনিক বৈঠক থেকে হস্টেল পরিদর্শন, পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথোপকথন থেকে সাংস্কৃতিক চর্চায় উৎসাহ সব মিলিয়ে আদিবাসী আবাসিকদের জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক বিষয়ে নজর দিল রাজ্য সরকার। তবে বাড়তি বরাদ্দের সুফল কতটা নিয়মিত ভাবে পড়ুয়াদের কাছে পৌঁছয়, তা নির্ভর করবে আগামী দিনে নজরদারি ও বাস্তবায়নের উপর।





