আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সোনিয়ার স্মৃতিকথায় অসত্যের ছায়া, প্রণবকে ঘিরে বিদ্বেষ’, প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কে এবার সরব সুখেন্দুশেখর

Published on: November 18, 2026
---Advertisement---

কলকাতা, ১৮ নভেম্বরঃ একটি বই ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের রেশ কিছুতেই কাটছে না। বিশেষ করে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় করা মন্তব্য ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। এ বার সেই বিতর্কে মুখ খুললেন সুখেন্দুশেখর রায়। দীর্ঘ সমাজমাধ্যম পোস্টে সোনিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক অবদানের কথা তুলে ধরলেন তিনি। তাঁর দাবি, প্রণববাবুকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি ছিলেন তাঁর রাজনৈতিক গুরু। তাই ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখেই সোনিয়ার বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন।

সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর ৩৯৯ নম্বর পাতায় প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে কিছু মন্তব্য করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৯৮৪ সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকে উপেক্ষিত মনে করে কংগ্রেস ছেড়ে নিজের দল গঠন করেছিলেন প্রণব। ১৯৮৯ সালে ফের কংগ্রেসে ফিরে এলেও প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা তাঁর কখনও যায়নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলানোর পরেও নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার কারণে নিজেকে প্রধানমন্ত্রী পদের স্বাভাবিক দাবিদার মনে করতেন তিনি। এই বিবরণের সঙ্গেই বাস্তবের কোনও মিল নেই বলে দাবি সুখেন্দুশেখরের।

ফেসবুক পোস্টের শুরুতেই তাঁর কটাক্ষ, ‘সোনিয়ার স্মৃতিকথায় অসত্যের ছায়া, প্রণবকে ঘিরে বিদ্বেষ।’ এর পরেই ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পরেও প্রণব মুখোপাধ্যায় কংগ্রেসের হয়ে বাংলায় ব্যাপক প্রচার করেছিলেন। শুধু তাই নয়, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যাদবপুর কেন্দ্রে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন প্রণববাবুই। সেই নির্বাচনে সোমনাথের পরাজয়ের মধ্য দিয়েই মমতার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় বলে উল্লেখ করেছেন তিনি।

সুখেন্দুশেখরের বক্তব্য, ১৯৮৫ সালে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর পুরভোটে দলের প্রত্যাশিত ফল না হওয়ায় প্রণববাবুকে একাধিক সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৮৬ সালে তাঁকে ছ’বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর অভিযোগ, এই পদক্ষেপ কংগ্রেসের অভ্যন্তরীণ নিয়মশৃঙ্খলার পরিপন্থী ছিল। বাংলার কয়েক জন কংগ্রেস নেতা প্রণববাবুর প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রাজীব গান্ধীকে ভুল বুঝিয়েছিলেন বলেও দাবি তাঁর।

২০১০ সালে সরকারের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের প্রসঙ্গ তোলার বিষয়টিও ব্যাখ্যা করেছেন সুখেন্দুশেখর। তাঁর প্রশ্ন, প্রণব মুখোপাধ্যায় কেন সেই সময় নেতৃত্ব বদলের কথা বলেছিলেন, তার কারণ সোনিয়ার স্মৃতিকথায় স্পষ্ট করা হয়নি। বরং বিষয়টিকে প্রধানমন্ত্রিত্বের সুপ্ত আকাঙ্ক্ষার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।

সবশেষে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে এমন মন্তব্যের সময়কাল নিয়েও প্রশ্ন তুলেছেন সুখেন্দুশেখর। তাঁর কথায়, একজন ‘ক্রাইসিস ম্যানেজার’-এর মৃত্যুর ছ’বছর পরে এমন মন্তব্য শিষ্টাচারবিরোধী। এমনকী সোনিয়ার বইয়ের নাম নিয়েও কটাক্ষ করেছেন তিনি। তাঁর প্রস্তাব, ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর বদলে নাম হওয়া উচিত ছিল ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ অ্যান্ড হেট’। প্রণববাবুকে ঘিরে এই বিতর্কে সুখেন্দুশেখরের মন্তব্য নতুন করে রাজনৈতিক মহলের নজর কাড়ল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment