নদিয়া, ১৬ নভেম্বরঃ জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি পড়তেই উৎসবের রঙে সেজে উঠেছে নদিয়ার কৃষ্ণনগর। আর সেই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ চাষাপাড়ার ঐতিহ্যবাহী বুড়িমা। প্রতিবারের মতো এবারও বুড়িমার প্রতিমা দর্শনে ভিড় জমাচ্ছেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। তবে এবারের পুজোয় বাড়তি আকর্ষণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমন। মঙ্গলবার মহাঅষ্টমীর দিন তাঁর হাত ধরেই উদ্বোধন হবে চাষাপাড়ার বুড়িমার পুজো। পাশাপাশি আরও তিনটি পুজোর উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতে বিশেষ আয়োজন করছেন উদ্যোক্তারা। পরিকল্পনা রয়েছে পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানানোরও। ফলে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে একদিকে যেমন উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তেমনই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে চাষাপাড়া।
পুজো উদ্যোক্তাদের সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ চাষাপাড়ায় পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। প্রথমে বুড়িমার মন্দিরে গিয়ে প্রতিমা দর্শন ও প্রণাম করবেন তিনি। তার পর মণ্ডপ সংলগ্ন নির্দিষ্ট মঞ্চ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে বাঙালির নিজস্ব সংস্কৃতিকে সামনে রাখছেন উদ্যোক্তারা। বাজবে ঐতিহ্যবাহী ঢাক। লালপাড় সাদা শাড়িতে উপস্থিত থাকবেন এলাকার মহিলারা। মন্দিরে প্রবেশের পথে পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
পুজো উদ্যোক্তাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় এসে চাষাপাড়ার বুড়িমাকে দর্শন করতে চলেছেন। ঘূর্ণি চাষাপাড়া ঘূর্ণি পুজো কমিটির সম্পাদক অর্ণব গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। কারমাইকেল স্কুলের সামনে দিয়ে রামজে রোডের প্রবেশপথ নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে। কালীচরণ লাহিড়ী লেন এবং দীপু ব্যানার্জি লেনেও বসানো হবে গার্ডরেল। বুড়িমা মন্দির সংলগ্ন এলাকায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
মুখ্যমন্ত্রীর আগমনের সময় সাধারণ দর্শনার্থীদের প্রবেশও নিয়ন্ত্রিত থাকবে। গার্ডরেলের পিছনে নির্দিষ্ট জায়গায় থাকতে হবে ভক্তদের। নিরাপত্তার স্বার্থে মন্দিরের ভিতরে প্রবেশের ক্ষেত্রেও থাকবে কড়াকড়ি। সব মিলিয়ে বুড়িমার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন থেকে মুখ্যমন্ত্রীকে বরণ মহাঅষ্টমীতে কৃষ্ণনগরের চাষাপাড়ায় নজর এখন বিশেষ আয়োজনের দিকে।





