আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘মানুষই শেষ কথা, সংযত থাকুন’, তোলাবাজি-দখলদারি বিতর্কে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা শমীকের

Published on: November 16, 2026
---Advertisement---

পানিহাটি, ১৬ নভেম্বরঃ ক্ষমতার পালাবদলের পর ছ’মাসও কাটেনি। এর মধ্যেই শাসকদল বিজেপির নিচুতলার একাংশের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং প্রভাব খাটানোর অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে দলের অন্দরে। একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে শাসকদলের ভাবমূর্তি। এবার সেই বিতর্কে নতুন সংযোজন পানিহাটি। ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে দলেরই যুব মোর্চার এক নেতার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের আরও সংযত হওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

রবিবার বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শমীক। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির দুই বিধায়ক সৌরভ শিকদার ও শঙ্কর শিকদার। অনুষ্ঠান মঞ্চ থেকেই দলের নেতা-কর্মীদের উদ্দেশে কার্যত সতর্কবার্তা দেন রাজ্য সভাপতি। তাঁর কথায়, মানুষের ভোটেই ক্ষমতায় এসেছে বিজেপি। তাই মানুষের আস্থা ধরে রাখাই দলের সবচেয়ে বড় দায়িত্ব। শমীক বলেন, “প্রত্যেকের মনে রাখা দরকার, মানুষের ভোটে আমরা জিতেছি। মানুষই শেষ কথা। আমাদের মধ্যে বিচ্যুতি এলে মানুষ দেখবে। সবাই সংযত থাকুন, নমনীয় হোন। মানুষের কাছে যান। থানায় বেশি যাওয়ার দরকার নেই। গোটা সমাজটা এখনও অপরাধীদের সমাজ হয়ে যায়নি।”

শুধু তোলাবাজি বা দখলদারি নয়, ধর্মান্তকরণ নিয়েও এদিন সরব হন শমীক। একটি বেসরকারি স্কুলের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এক শিক্ষিকাকে বিজেপির মিছিলে গেরুয়া পোশাকে দেখা যাওয়ার পর স্কুলেরই এক শিক্ষক তাঁকে পোশাক বদলানোর জন্য বাধা দেন। রাজ্যের কয়েকটি জেলায় খ্রিস্টান মিশনারির নাম করে ধর্মান্তকরণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এক নামী খ্রিস্টান কলেজের অধ্যক্ষও এই ধরনের কাজে যুক্ত। জোর করে ধর্মান্তকরণের চেষ্টা হলে সরকার চুপ করে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি।

বিরসা মুন্ডার সংগ্রামের প্রসঙ্গ তুলে আদিবাসীদের নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতিরও সমালোচনা করেন শমীক। তৃণমূলকে নিশানা করে তাঁর কটাক্ষ, গত ১৫ বছর রাজ্যে এক ‘ভগবান’-এর রাজত্ব চলেছে।

তবে এদিনের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য অন্য জায়গায়। ক্ষমতায় আসার পর দলের একাংশের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে নেতৃত্বের উদ্বেগ বাড়াচ্ছে, শমীকের সতর্কবার্তায় তা স্পষ্ট। এখন দেখার, রাজ্য সভাপতির এই বার্তা নিচুতলার কর্মীদের আচরণে কতটা পরিবর্তন আনতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment