কলকাতা, ১৬ নভেম্বরঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক মামলার মুখে পড়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য বিভিন্ন ঘটনায় আইনি জটিলতা তৈরি হয়েছে। সেই তালিকায় এ বার ডিজে মামলা। অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পর ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। তবে সোমবার শুনানিতে তাঁর আবেদন ঘিরে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় আইনজীবীকে। শেষ পর্যন্ত আগামী শুক্রবার মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে। প্রচারে বেরিয়ে ডিজে বাজানো নিয়ে অভিষেকের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। গ্রেপ্তারির আশঙ্কায় এর আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ।
গত ২১ মে বিচারপতি তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেন। একই সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছিল। আদালতের সেই সুরক্ষা ৬ নভেম্বর পর্যন্ত কার্যকর ছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই, প্রায় ১০ দিন আগে, রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানান অভিষেকের আইনজীবী।
সোমবার, ১৬ নভেম্বর, আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু শুনানির শুরুতেই প্রশ্নের মুখে পড়ে অভিষেকের পক্ষ। বিচারপতি জানতে চান, রক্ষাকবচের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেলেও আদালতকে আগে কেন বিষয়টি জানানো হয়নি?
জবাবে আইনজীবী জানান, একাধিক মামলার ব্যস্ততার মধ্যে অনিচ্ছাকৃত ভাবে এই মামলাটির দিকে নজর রাখা সম্ভব হয়নি। বিষয়টি আদালতের নজরে আনতে দেরি হয়েছে বলেও জানান তিনি। তাতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। প্রথমে ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে শুনানির ইঙ্গিত দেন তিনি।
তবে অভিষেকের আইনজীবীর বারবার অনুরোধের পর শেষ পর্যন্ত আগামী শুক্রবার শুনানিতে সম্মত হন বিচারপতি। ফলে আপাতত নজর শুক্রবারের দিকে। ওই দিন আদালত কী সিদ্ধান্ত নেয়, তার উপরই নির্ভর করছে ডিজে মামলায় অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের ভবিষ্যৎ।





