আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট অভিষেকের

Published on: November 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ নভেম্বরঃ কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি লড়াই এ বার সুপ্রিম কোর্টে। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার পরেই পাল্টা তৎপরতা শুরু করল তৃণমূল। এই মামলায় ক্যাভিয়েট দাখিল করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিষেক নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের তরফেও পৃথক আবেদন জমা পড়েছে। তাঁদের আর্জি, মামলার শুনানিতে কোনও পক্ষের বক্তব্য না শুনে যেন একতরফা নির্দেশ না দেয় আদালত।

কলকাতা হাই কোর্ট সম্প্রতি ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের দিনক্ষণ ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতির নির্দেশ, সিঙ্গল বেঞ্চে চলা মূল মামলার নিষ্পত্তির আগে কলকাতা পুরসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের এই পদক্ষেপের পরেই ক্যাভিয়েট দাখিল করে রাখলেন অভিষেক। আইনি প্রক্রিয়ায় ক্যাভিয়েটের অর্থ, সংশ্লিষ্ট মামলায় কোনও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়ার আগে আবেদনকারীর বক্তব্য শোনার সুযোগ দিতে হবে আদালতকে। অর্থাৎ, রাজ্যের আবেদনের ভিত্তিতে একতরফা শুনানি বা নির্দেশ যাতে না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের পৃথক আবেদনেরও বক্তব্য, মামলার সব পক্ষের বক্তব্য শুনেই সিদ্ধান্ত নিক শীর্ষ আদালত।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই পুনর্বিন্যাস ঘিরে শুরু থেকেই আপত্তি জানিয়ে এসেছে বিরোধীরা। পরে বিষয়টি আদালতে গড়ায়। ওয়ার্ডের সীমানা ও পুনর্বিন্যাসের বৈধতা নিয়ে আইনি বিতর্কের জেরেই আপাতত আটকে রয়েছে পুরভোটের প্রস্তুতি।

দীর্ঘদিন ধরে কলকাতা-সহ একাধিক পুরসভা ও পুরনিগমে নির্বাচন না হওয়ায় প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন প্রশাসকেরা। নাগরিক পরিষেবা ও স্থানীয় প্রশাসনের স্বাভাবিক কাজকর্মের স্বার্থে দ্রুত ভোট করাতে চাইছে রাজ্য। নভেম্বরের শেষ দিকে কলকাতা পুরভোট হতে পারে বলেও জল্পনা ছিল। কিন্তু হাই কোর্টের নির্দেশে সেই সম্ভাবনা আপাতত অনিশ্চিত।

পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত প্রধান সচিবের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই শুনানি হতে পারে। এখন দেখার, ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি জট কাটাতে শীর্ষ আদালত কী অবস্থান নেয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment