নিজস্ব সংবাদদাতা, টালিগঞ্জ: ছটপুজোর বিকল্প ঘাট পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালা রায়। রবিবার সকালে টালিগঞ্জে ঘাটের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ওঠে ‘চোর, চোর’ স্লোগান। ছটপুজোর আয়োজন বানচাল করার চেষ্টা করছেন সাংসদ, এমনই অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই এলাকায় পৌঁছয় পুলিশ। অন্য দিকে, স্থানীয়দের অভিযোগ উড়িয়ে মালার পাল্টা দাবি, পুরসভার ব্যবস্থাপনা দেখতে এসেছিলেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে একটি মাঠ দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছেন সাংসদ।
রবিবার ছটপুজো উপলক্ষে কলকাতা পুরসভার উদ্যোগে শহরজুড়ে ১৬৩টি বিকল্প ঘাটের ব্যবস্থা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে টালিগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডও। সেখানকার একটি বিকল্প ঘাট পরিদর্শনে গিয়েছিলেন মালা। কিন্তু তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দাদের একাংশ। সাংসদকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে তাঁদের উপর অত্যাচার চালিয়েছেন মালা। বিজেপির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করার মতো ঘটনাও ঘটেছে বলে দাবি বিক্ষোভকারীদের। তাঁদের বক্তব্য, ছটপুজোর মতো ধর্মীয় উৎসবেও বাধা দেওয়ার চেষ্টা করছেন সাংসদ।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের সামলানোর পাশাপাশি সাংসদকে ঘিরেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। উত্তেজনার মধ্যেই ঘটনাস্থলে চেয়ারে বসে থাকতে দেখা যায় মালাকে।
তবে বিক্ষোভের কারণ নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়দের অভিযোগের পালটা জবাব দেন সাংসদ। মালার বক্তব্য, তিনি ওই এলাকার কাউন্সিলর। পুরসভার তরফে ছটপুজোর জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে, তা খতিয়ে দেখতেই সেখানে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মালার কথায়, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে থানায় তার প্রমাণ দেখানো হোক।
একই সঙ্গে মাঠ দখলকে কেন্দ্র করে নতুন অভিযোগ সামনে আনেন সাংসদ। তাঁর দাবি, বাম আমলেও ওই মাঠ দখলের চেষ্টা হয়েছিল। পরে তাঁরা মাঠটি পুনরুদ্ধার করেন। সেখানে বৃদ্ধাশ্রম এবং খেলার মাঠ তৈরির পরিকল্পনা ছিল। এখন ফের ওই মাঠ দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ তাঁর। রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় অশান্তি শুরু হয়েছে বলেও দাবি করেন মালা। বিক্ষোভ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘স্থানীয়রা বিক্ষোভ করছে, করুক। আই ডোন্ট কেয়ার।’’
ছটপুজোর মতো উৎসবের আগে পুরসভার বিকল্প ঘাট ঘিরে এই রাজনৈতিক উত্তেজনা স্বাভাবিক ভাবেই নতুন বিতর্ক তৈরি করেছে। এক দিকে স্থানীয়দের ক্ষোভ ও বাধা দেওয়ার অভিযোগ, অন্য দিকে মাঠ দখলের পালটা দাবি সাংসদের। সব মিলিয়ে ছটের প্রস্তুতির মাঝেই টালিগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডে রবিবারের সকাল কার্যত রাজনৈতিক সংঘাতের মঞ্চ হয়ে উঠল।





