কলকাতা, ১৪ নভেম্বরঃ প্রতিহিংসার রাজনীতি নয়, সংযমের বার্তা দিয়েছিলেন বারবার। তাতে সোশাল মিডিয়ায় তাঁকে ‘গৌতম বুদ্ধ’ বানিয়ে মিম তৈরি হয়েছিল। এ বার সেই কটাক্ষের জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে শুধু মিমের জবাবেই থামলেন না তিনি। দলের অন্দরে অরাজকতা, বিশৃঙ্খলা এবং গেরুয়া শিবিরের নাম ভাঙিয়ে দাপট দেখানোর প্রবণতা নিয়েও কড়া বার্তা দিলেন। শুক্রবার বাগুইআটিতে দলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তাঁর স্পষ্ট ঘোষণা, ভদ্রতাকে দুর্বলতা ভাবলে চলবে না।
বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বারবার প্রতিহিংসার রাজনীতির বিরোধিতা করে এসেছেন শমীক। বিরোধী দলের পার্টি অফিসে ভাঙচুর কিংবা হিংসার অভিযোগে দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজিরও তৈরি হয়েছে। তাঁর এই অবস্থান ঘিরেই সোশাল মিডিয়ায় তাঁকে গৌতম বুদ্ধের সঙ্গে তুলনা করে মিম ছড়িয়েছিল। এ দিন সেই প্রসঙ্গ টেনে শমীক বলেন, “লুঠেরাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোট দিয়েছেন। যেদিন আমরা নির্বাচনে জিতি, সেদিন সকালে প্রধানমন্ত্রী আমাকে ফোন করে পরিষ্কার বলেছিলেন, প্রতিহিংসার রাজনীতি, বিভাজনের রাজনীতি চলবে না। আমরা কোনও প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি বারবার সকলকে সংযত করার চেষ্টা করেছি। প্রতিদানে সোশাল মিডিয়ায় আমাকে গৌতম বুদ্ধ বানিয়ে দেওয়া হয়েছে। আমরা যুদ্ধ নয়, বুদ্ধের বাণীই প্রচার করছি।”
তবে সংযমের বার্তা মানে দুর্বলতা নয়, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, “এর অর্থ এই নয় যে সিংহ স্থবির বলে কেউ কাউকে পদাঘাত করবে, আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা মনে করবে। এটা হতে দেওয়া উচিত নয়।” পাশাপাশি, যাঁরা যে এলাকায় অত্যাচারিত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
দলের অন্দরের বিশৃঙ্খলা নিয়েও এ দিন সুর চড়িয়েছেন শমীক। কোনওভাবেই অরাজকতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “পার্টিকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করবেন না। এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। চিহ্নিত করুন। যাঁরা পার্টির পতাকাকে, পার্টির রংকে কলঙ্কিত করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন।”
দলে সদ্য যোগ দেওয়া কিছু কর্মীর ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, কেউ কেউ বাইরে গেরুয়া তিলক লাগিয়ে ঘুরছেন, অথচ তাঁদের আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শমীকের কথায়, “আপনাদের দায়িত্ব, সেই গেরুয়া তিলক মুছে দেওয়া।” আর যাঁরা এমন লোকেদের সঙ্গে নিয়ে ঘুরছেন, তাঁদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, “জেলের দরজা খোলা আছে।”
সব মিলিয়ে, একদিকে সংযম ও সহিষ্ণুতার বার্তা, অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভাঙলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি বুঝিয়ে দিলেন, ক্ষমতায় থেকেও দলের ভাবমূর্তি রক্ষায় কোনও আপস করতে চান না তিনি।





