তাহেরপুর, ১৪ নভেম্বরঃ কালীপ্রতিমার বিসর্জন ঘিরে উৎসবের উন্মাদনা। চারদিকে আলো, মানুষের ভিড়, শোভাযাত্রার আয়োজন। কিন্তু মুহূর্তের অসাবধানতায় সেই আনন্দই পরিণত হল মর্মান্তিক পরিণতিতে। বিসর্জনের শোভাযাত্রায় আলো জ্বালানোর জন্য ভাড়া করা জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু হল এক তরুণীর। শুক্রবারের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার তাহেরপুরের বাদকুল্লায়। মৃতার নাম দিয়া সরকার (১৮)। তিনি একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সংঘ বারোয়ারির কালীপ্রতিমার বিসর্জন ছিল। সেই উপলক্ষে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যেই ছিলেন স্থানীয় বাসিন্দা দিয়া। বাপুজি নগর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া অন্যান্যদের সঙ্গে বিসর্জনে সামিল হয়েছিলেন।
শোভাযাত্রার পথে আলোর ব্যবস্থা করতে একটি জেনারেটর ভাড়া করা হয়েছিল। অভিযোগ, জেনারেটরটি চলন্ত অবস্থায় থাকার সময় অসাবধানতাবশত দিয়ার মাথার চুল তার যন্ত্রাংশে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জেনারেটরের বেল্টে চুল আটকে যাওয়ায় মাথায় গুরুতর আঘাত পান তরুণী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি দেখে শোভাযাত্রায় উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তড়িঘড়ি জেনারেটর বন্ধ করে দিয়াকে উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় তাহেরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে পরীক্ষা করে। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।
যে বিসর্জনকে ঘিরে আনন্দে মেতেছিল গোটা এলাকা, সেখানেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তে বদলে যায় ছবিটা। মেয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকে স্তব্ধ প্রতিবেশীরাও।
কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, জেনারেটরের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উৎসবের আয়োজনের মধ্যে নিরাপত্তার সামান্য ত্রুটিও যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, তাহেরপুরের এই ঘটনা ফের সেই প্রশ্ন তুলে দিল।





