গোঘাট, ১৪ নভেম্বরঃ দুর্নীতি ও গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না বলে বারবার হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি নেতৃত্ব। কিন্তু রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নিচুতলায় দলের অন্দরের সংঘাত যেন ক্রমেই প্রকাশ্যে আসছে। পুরনো ও নব্য বিজেপির দ্বন্দ্ব ঘিরে এবার উত্তপ্ত হুগলির গোঘাট। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় দলেরই একাংশের হাতে প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। শুক্রবার বিকেলে সাওড়া পঞ্চায়েতের একটি সরকারি অনুষ্ঠান ঘিরে এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি, মারধর এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সাওড়া পঞ্চায়েতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথও। অভিযোগ, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ৪ মে-র পর থেকে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের একাংশ পঞ্চায়েতকে কেন্দ্র করে তোলাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এই মন্তব্যের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে পঞ্চায়েত দফতরের বাইরে বিজেপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিশ্বনাথকে মারধর ও হেনস্থা করা হয় বলেও অভিযোগ।
প্রাক্তন বিধায়কের দাবি, দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁকে নিশানা করা হয়েছে। তাঁর অভিযোগ, নব্য বিজেপির নেতা-কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। এমনকি তাঁর অনুগামীদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
যদিও পালটা অভিযোগ অস্বীকার করেছেন অন্য পক্ষের বিজেপি কর্মীরা। তাঁদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মসূচি বা প্রচারে বিশ্বনাথকে সেভাবে দেখা যায়নি। এখন বিজেপি ক্ষমতায় আসার পর তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাঁদের দাবি, কেউ প্রাক্তন বিধায়ককে মারধর করেননি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দু’পক্ষই গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এই ঘটনার পিছনে তৃণমূল ও সিপিএমের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন। যদিও স্থানীয় সিপিএম নেতৃত্ব সেই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। বরং বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বই সংঘর্ষের কারণ।
রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির অন্দরে পুরনো ও নতুন কর্মীদের সমন্বয় নিয়ে যে প্রশ্ন উঠছিল, গোঘাটের ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করল। দুর্নীতির বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার মধ্যেই নিচুতলার এই সংঘাত সামাল দেওয়া এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।





