কলকাতা, ১৪ নভেম্বরঃ স্বামী পুলিশি হেফাজতে নিরাপদ নন। যে কোনও মুহূর্তে তাঁকে ‘এনকাউন্টার’ করে খুন করা হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা ঘোষ। তাঁর অভিযোগ, পুলিশি হেফাজতে সুমিতের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে। তদন্তের নামে রাতের অন্ধকারে তাঁকে অপরাধস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে স্বামীর নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়েছেন তিনি। অভিযোগকে গুরুত্ব দিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার-সহ একাধিক পুলিশ আধিকারিককে নোটিস পাঠিয়েছে কমিশন। এক সপ্তাহের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্টও তলব করা হয়েছে।
শুক্রবার কমিশনের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে সুস্মিতার আশঙ্কা, নতুন কোনও মামলায় সুমিতকে ফের পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে। তার পর এনকাউন্টারের গল্প সাজিয়ে তাঁকে খুন করা হতে পারে। সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া কয়েকটি কথিত এনকাউন্টারের ঘটনাও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, তদন্তের নামে রাতে অপরাধস্থলে নিয়ে গিয়ে সুমিতের জীবন বিপন্ন করা হতে পারে।
শুধু প্রাণের আশঙ্কা নয়, স্বামীর শারীরিক অসুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সুস্মিতা। তাঁর অভিযোগ, সুমিত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। ঘুমোনোর জন্য বিশেষ যন্ত্রের প্রয়োজন হয় তাঁর। কিন্তু পুলিশি হেফাজতে সেই প্রয়োজনীয় চিকিৎসা-সহায়তা দেওয়া হচ্ছে না। এমনকি নির্দিষ্ট সময়ে ঘুমোতেও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে মানবাধিকার কমিশন। পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তের প্রতিটি পর্যায়ে আইন ও মানবাধিকার সংক্রান্ত বিধি মেনে চলতে হবে। সুমিতের সঙ্গে কোনও রকম অমানবিক আচরণ করা যাবে না। তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, জমি কেলেঙ্কারি মামলায় আগেও পুলিশি হেফাজতে ছিলেন সুমিত। এবার এক মৎস্য ব্যবসায়ীকে হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ভয় দেখানো, তোলাবাজি, চুরি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয়েছে। নতুন মামলার তদন্তের মধ্যেই সুমিতের নিরাপত্তা নিয়ে স্ত্রীর এই অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন আইনি ও প্রশাসনিক চাপ।





