কলকাতা, ১ নভেম্বরঃ ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির অভিযোগে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতারের তিন দিনের মাথায় এবার লালবাজারে জিজ্ঞাসাবাদের মুখে তাঁর স্ত্রী মধুছন্দা সেন। শনিবার বিশেষ তদন্তকারী দলের (সিট) আধিকারিকেরা তাঁকে দফায় দফায় জেরা করেন। রাত আটটা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের নজরে এ বার সংশ্লিষ্ট সংস্থার আর্থিক লেনদেন, নথিতে সই এবং পরিবারের অন্য সদস্যদের ভূমিকা।
পুলিশ সূত্রে খবর, যে ‘মাস আর্ট’ সংস্থার নামে পুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির অভিযোগ উঠেছে, তার প্রেসিডেন্ট ছিলেন মধুছন্দা। অভিযোগ, ইউনেস্কোর লোগো ব্যবহারের অনুমতি সংক্রান্ত নথি-সহ সংস্থার একাধিক কাগজপত্রে তাঁর সই রয়েছে। গত জুন মাসে বউবাজার থানায় দায়ের হওয়া অভিযোগে দ্বিতীয় অভিযুক্ত হিসেবে তাঁর নাম উল্লেখ করা হয়েছিল। প্রথম অভিযুক্ত তাঁর স্বামী ইন্দ্রনীল।
জিজ্ঞাসাবাদে মধুছন্দা জানিয়েছেন, সংস্থার অন্য কর্তারা যেখানে সই করতে বলেছেন, তিনি সেখানেই সই করেছেন। তবে এই বক্তব্যের পিছনে অন্য কোনও চাপ বা প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিশেষ করে স্বামী ইন্দ্রনীল তাঁকে কোনও বিষয়ে চাপ দিতেন কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিট। জেরায় সংস্থার সম্পাদক ধ্রুবজ্যোতি বসুর নামও উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তে আর্থিক লেনদেনের একটি সূত্রও সামনে এসেছে। পুলিশের দাবি, ইন্দ্রনীলের ঘনিষ্ঠ সংস্থা ‘থার্ড লাইন ক্রিয়েশন’ থেকে ‘মাস আর্ট’-এ ৬৬ লক্ষ টাকা পাঠানো হয়েছিল। এর মধ্যে ২২.৪৭ লক্ষ টাকা আইস্কেপ ও মায়রা নামে দুটি সংস্থায় গিয়েছে বলে জানা গিয়েছে। ওই সংস্থা দুটির সঙ্গে ইন্দ্রনীলের মেয়ের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
পুজো উদ্যোক্তাদের বয়ানেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাঁদের দাবি, ইউনেস্কোর লোগো দেখে তাঁরা প্রিভিউ শো-তে অংশ নিতে রাজি হয়েছিলেন। বিনিময়ে সামান্য অর্থ ও এলইডি গেটে বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
এ বার মধুছন্দা, ধ্রুবজ্যোতি-সহ সংশ্লিষ্টদের মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে পুলিশের। ইন্দ্রনীলের মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। অভিযোগের সত্যতা এবং আর্থিক লেনদেনের প্রকৃত উদ্দেশ্য তদন্ত শেষেই স্পষ্ট হবে।





