কোচবিহার, ১ নভেম্বরঃ দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই কালীপুজোর প্রস্তুতিতে মেতে উঠেছে কোচবিহার। আলোর উৎসবের আবহে এবার বিশেষ আকর্ষণ নিউটাউন সৎস্মৃতি সংঘের কালীপুজো। পুজোর রজতজয়ন্তী বর্ষে দর্শনার্থীদের জন্য অভিনব ভাবনা নিয়ে হাজির হয়েছেন সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজো কমিটির উদ্যোক্তারা। এবারের থিম ‘তারাপীঠের অলৌকিক রহস্য’। ধর্মীয় আবেগ, আধ্যাত্মিকতা এবং বাংলার মন্দির-ঐতিহ্যকে একসূত্রে বেঁধেই সাজিয়ে তোলা হচ্ছে পুজোর আয়োজন।
২৫ বছরের পথচলা। সেই দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে এবার নতুনত্বের মেলবন্ধন ঘটাতে চাইছেন উদ্যোক্তারা। তারাপীঠের মন্দিরকে ঘিরে প্রচলিত নানা লোকবিশ্বাস, আধ্যাত্মিক আবহ এবং রহস্যময় কাহিনিকে থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। কালীপুজোর দিন এই বিশেষ ভাবনা কতটা আকর্ষণ তৈরি করে, এখন সেদিকেই নজর এলাকার বাসিন্দাদের।
শুধু পুজোর আয়োজন নয়, রজতজয়ন্তী বর্ষে সামাজিক দায়বদ্ধতার বার্তাও দিতে চেয়েছেন মহিলা উদ্যোক্তারা। সেই লক্ষ্যেই থিমের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি আয়োজন করা হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের। উৎসবের আনন্দের সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগও অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপা চক্রবর্তী, কোতোয়ালি থানার আইসি-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুজো কমিটির সদস্যরা। তাঁদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এবারের থিমের সূচনা হয়।
উল্লেখযোগ্য বিষয়, নিউটাউন সৎস্মৃতি সংঘের এই পুজো সম্পূর্ণ মহিলা পরিচালিত। পুজোর পরিকল্পনা থেকে আয়োজনের বিভিন্ন দায়িত্ব সব ক্ষেত্রেই মহিলাদের সক্রিয় ভূমিকা। রজতজয়ন্তীর মতো বিশেষ বছরে তাঁদের এই উদ্যোগ এলাকার অন্যদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে।
একদিকে তারাপীঠের আধ্যাত্মিক রহস্য, অন্যদিকে রক্তদানের মতো মানবিক উদ্যোগ দুইয়ের মেলবন্ধনে এবার কোচবিহারের কালীপুজোয় আলাদা পরিচিতি গড়তে চাইছে নিউটাউন সৎস্মৃতি সংঘ।





