শিলিগুড়ি, ২৮ অক্টোবর : সাতসকালে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির শান্তিনগর এলাকায়। অভিযোগ, বিধায়কের বাড়ির পাশেই এই ঘটনা ঘটে। আক্রান্ত শিক্ষিকার নাম শিউলি দত্ত। অভিযুক্তের নাম সজল দাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে শিউলি দত্ত ফুল তুলতে এলাকায় গিয়েছিলেন। সেই সময় সজল দাস নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর এলোপাতাড়ি হামলা চালান বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগ, শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর ওই ব্যক্তি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। এরপর আহত শিক্ষিকা ও ওই ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ির ডেলা হাসপাতালে ভর্তি করা হয়।
কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে ব্যক্তিগত বিবাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকেই এখন নজর রয়েছে।





