দিনহাটা, ৫ অক্টোবরঃ মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবায় আরও এক ধাপ অগ্রগতি। হাসপাতালে প্রথম বার নিজস্ব এন্ডোস্কোপিক ক্যামেরা সেট ব্যবহার করে ইএনটি বিভাগে একসঙ্গে তিনটি অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হল। মঙ্গলবার এই অস্ত্রোপচারগুলি করা হয়। সোমবার বিষয়টি জানান দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক সৌরভ চক্রবর্তী। তাঁর দাবি, অস্ত্রোপচারের পর তিন রোগীই সুস্থ রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন রোগীরই কানের বিভিন্ন সমস্যার চিকিৎসায় এন্ডোস্কোপিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। প্রথম রোগী ৩০ বছর বয়সি আলিমা খাতুনের দুই কানে দীর্ঘদিনের সংক্রমণজনিত সমস্যা ছিল। তাঁর ক্ষেত্রে এন্ডোস্কোপিক টাইপ-১ টাইমপ্যানোপ্লাস্টি করা হয়।
দ্বিতীয় রোগী কাকলি বর্মন রায়ের ক্ষেত্রে সমস্যা ছিল নাকে। নাকের হাড় বাঁ দিকে বেঁকে যাওয়ায় তাঁর শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তাঁর অস্ত্রোপচার হিসেবে এন্ডোস্কোপিক SMR করা হয়েছে।
তৃতীয় রোগী ১৯ বছর বয়সি মর্জিনা খাতুনের বাঁ কানে দীর্ঘস্থায়ী সংক্রমণের সমস্যা ছিল। তাঁর ক্ষেত্রেও এন্ডোস্কোপিক টাইপ-১ টাইমপ্যানোপ্লাস্টি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি অস্ত্রোপচারই স্থানীয় অ্যানেস্থেশিয়া বা LA এবং IV সেডেশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
হাসপাতালের চিকিৎসকদের কাছে এই অস্ত্রোপচারগুলির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, প্রথম বার হাসপাতালের নিজস্ব এন্ডোস্কোপিক ক্যামেরা সেট ব্যবহার করা হয়েছে। এত দিন এই ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে পরিকাঠামোগত সীমাবদ্ধতা ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। এ বার নিজস্ব যন্ত্র ব্যবহার করে অস্ত্রোপচার হওয়ায় ইএনটি পরিষেবায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অস্ত্রোপচারগুলি সম্পন্ন করেন দিনহাটা মহকুমা হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জয়ন্ত বর্মন। তাঁর সঙ্গে হাসপাতালের সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরাও সহযোগিতা করেন। চিকিৎসকের ব্যক্তিগত ইন্সট্রুমেন্ট সেটও অস্ত্রোপচারের কাজে ব্যবহার করা হয়েছে।
হাসপাতাল সুপার সৌরভ চক্রবর্তী জানান, তিন রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। দিনহাটা মহকুমা হাসপাতালে এ ধরনের উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা পরিষেবা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।





