কলকাতা, ২৫ সেপ্টেম্বরঃ এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চ। ফের পুরনো বেঞ্চে ফিরে এসে আবার সরে দাঁড়ালেন বিচারপতি। আইনি জটিলতার এই আবর্তেই বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মামলার নতুন মোড়। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে করা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে মামলাটি এখন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের কাছে ফিরেছে। পরবর্তী শুনানি কোন বেঞ্চে হবে, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।
ঘটনার শুরু অবশ্য আরও আগে। টুলুর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে এবং পুলিশি পদক্ষেপ থেকে রক্ষাকবচ চেয়ে তিনি প্রথমে বিচারপতি ভট্টাচার্যের দ্বারস্থ হন। সেই আবেদন খারিজ করে আদালত জানায়, সিউড়ির নিম্ন আদালতের নির্দেশ মেনেই তাঁকে হাজিরা দিতে হবে।
এর পর নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মূল এফআইআর বাতিলের দাবিতে ফের হাই কোর্টে যান টুলু। মামলাটি যায় বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। কিন্তু একই ঘটনার সঙ্গে সম্পর্কিত মামলা আগে বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হয়েছে এই কারণ দেখিয়ে বিচারপতি চন্দ মামলাটি শুনতে চাননি। মামলা ফের যায় ভট্টাচার্যের বেঞ্চে। আর সেখানেই নতুন জট। ইতিমধ্যে যে মামলার নিষ্পত্তি তিনি করে দিয়েছেন, তার সঙ্গে সম্পর্কিত নতুন আবেদন আর শুনবেন না বলে জানিয়ে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি।
টুলুকে ঘিরে তদন্তের সূত্রপাত জুলাইয়ের শেষ দিকে। বীরভূমের মহম্মদবাজারের দেউচা এলাকায় তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় সাড়ে ২৮ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধারের কথা জানায় পুলিশ। ওই ঘটনার পর থেকেই টুলুর খোঁজ চলছে। তদন্তকারীদের দাবি, তিনি বিদেশে পালিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে টুলুর বক্তব্য প্রকাশ্যে আসেনি।
এরই মধ্যে তাঁর একাধিক ঘনিষ্ঠ ও আত্মীয়কে জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতার করেছে পুলিশ। টুলুর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। ফলে আদালতে একের পর এক আইনি পদক্ষেপ করেও এখনও পর্যন্ত তাঁর সামনে স্বস্তির রাস্তা তৈরি হয়নি।
এ বার নজর হাই কোর্টের প্রধান বিচারপতির দিকে। টুলুর এফআইআর চ্যালেঞ্জের মামলা কোন বেঞ্চে যায় এবং পরবর্তী শুনানিতে আদালত কী অবস্থান নেয় সেটিই এখন পরবর্তী গুরুত্বপূর্ণ পর্ব।





