শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ ভোরের শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। টোটোয় যাতায়াতকারী যাত্রীদের সেই সময়টাকেই ‘টার্গেট’ করা হচ্ছিল বলে অভিযোগ। পরপর ছিনতাইয়ের তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আইফোন এবং সোনার গয়না গলিয়ে তৈরি করা সোনা। উদ্ধার হওয়া সোনা ছিনতাই হওয়া আংটির সঙ্গে সম্পর্কিত বলে দাবি তদন্তকারীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হল রাজা দাস (২১) এবং আবজিৎ যাদব (২৪)। দু’জনেরই বাড়ি পাতি কলোনিতে। সম্প্রতি হিলকার্ট রোড-সহ শহরের বিভিন্ন এলাকায় টোটোয় থাকা যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের একাধিক অভিযোগ সামনে আসে। তারই মধ্যে একটি ঘটনায় এনজেপি থেকে জংশনের দিকে টোটোয় যাচ্ছিলেন এক দম্পতি। অভিযোগ, ভোরে সেবক মোড়ের কাছে তাঁদের টোটোর পাশে স্কুটি নিয়ে আসে দুই যুবক। মুহূর্তের মধ্যে মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা।
পুলিশের দাবি, ওই ব্যাগে ছিল একটি আইফোন, দু’টি সোনার আংটি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। একই ভাবে মাসের ৪ তারিখ হিলকার্ট রোডে টোটো থেকে ছিনতাইয়ের অভিযোগের তদন্তেও রাজা ও আবজিতের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে দাবি।
তদন্ত এগিয়ে গত ১৯ সেপ্টেম্বর দু’জনকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আদালতে পেশ করার পর পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ মেলে। সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর রাজা দাসের বাড়িতে অভিযান চালিয়ে একটি আইফোন এবং গলানো সোনা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া সোনার সঙ্গে ছিনতাই হওয়া আংটির যোগ রয়েছে।
বৃহস্পতিবার পুলিশি হেফাজত শেষ হলে দু’জনকে ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে। শহরের আরও কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় তাঁদের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এখন তদন্তের আর একটি গুরুত্বপূর্ণ সূত্র সেই স্কুটি। যে স্কুটি ব্যবহার করে ছিনতাই করা হয়েছিল বলে অভিযোগ, সেটির সন্ধানেও তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ। সেটি উদ্ধার হলে তদন্তে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।





