কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ একটা ভুল গিয়ার। মুহূর্তের অসাবধানতা। আর তার জেরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির মূল ফটকে ধাক্কা দিয়েছিল মোবাইল টয়লেট ভ্যানের গার্ডরেল। সেই ঘটনার জেরে চাকরি খোয়াতে হয়েছিল কলকাতা পুলিশের এক কর্মীকে। প্রায় দেড় বছর পর সেই বরখাস্তের সিদ্ধান্তই খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ভুল হয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য চাকরি থেকে বরখাস্ত করার মতো গুরুতর ছিল না বিষয়টি।
সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। চার সপ্তাহের মধ্যে পুলিশ-প্রশাসনকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট পুলিশকর্মীকে প্রয়োজনে লঘু শাস্তি দেওয়া যেতে পারে।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ৪ ডিসেম্বর। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেকের বাড়ির সামনে মোবাইল টয়লেট ভ্যানের ডিউটিতে ছিলেন কলকাতা পুলিশের গাড়িচালক ধীরেন্দ্রনাথ মাহাতো। ওই গাড়ি থেকে দুর্গন্ধ বেরোনোয় স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানান। তখন গাড়িতে কোনও চালক ছিলেন না। পরিস্থিতি সামাল দিতে সেটি সরানোর চেষ্টা করেন ধীরেন্দ্রনাথ।
সেই সময়ই ঘটে বিপত্তি। ভুল গিয়ার পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পাশের গার্ডরেলে ধাক্কা মারে। গার্ডরেলটি গিয়ে আঘাত করে অভিষেকের বাড়ির মূল ফটকে। তবে ঘটনায় কেউ আহত হয়েছেন এমন অভিযোগ ওঠেনি।
ধীরেন্দ্রনাথ ২০০০ সালে কলকাতা পুলিশের গাড়িচালক হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে রাখা হত। দুর্ঘটনার প্রায় দেড় বছর পর, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় তৎকালীন রাজ্য সরকার।
সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টে মামলা করেন ধীরেন্দ্রনাথ। মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায়, ঘটনাটি নিঃসন্দেহে ভুল, কিন্তু তার মাত্রা চাকরি থেকে বরখাস্ত করার মতো নয়। ফলে প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করে বিষয়টি নতুন করে বিবেচনার নির্দেশ দিয়েছে আদালত। এখন চার সপ্তাহের মধ্যে পুলিশ-প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর।





